
শেষ আপডেট: 20 January 2024 19:46
দ্য ওয়াল ব্যুরো: ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এবং জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের কোন্দল বাংলার রাজনীতিতে নতুন কিছু নয়। গত মাসেই তাঁদের নিয়ে নৈহাটিতে বৈঠকে বসতে চেয়েছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। কিন্তু সেই বৈঠক হয়নি। আসেননি সোমনাথ। বরং অর্জুন সিংয়ের বিরুদ্ধে হলুদ ফাইল প্রকাশ্যে আনার হুঁশিয়ারি দিয়েছিলেন। শনিবার সেই একই হুমকি এল তাঁর তরফে।
নাম না করে অর্জুন সিংকে নিশানায় নিয়ে সোমনাথ শ্যামের বক্তব্য, গোপাল মজুমদার থেকে ভিকি যাদব, একের পর এক খুন এলাকারই কেউ করিয়েছে। হলুদ ফাইল খুললে সব ফাঁস হয়ে যাবে।
আসলে তৃণমূল সভাপতি গোপাল মজুমদার খুনের ঘটনার ফাইল ফের ওপেন করে মূল চক্রীকে গ্রেফতারের দাবিতে আগে সরব হয়েছিলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। অন্যদিকে দুষ্কৃতীর গুলিতে মৃত্যু হয়েছিল জগদ্দলের তৃণমূল নেতা ভিকি যাদবের। ওই ঘটনায় জড়িত সন্দেহে গত ২১ ডিসেম্বর অর্জুন সিংয়ের আত্মীয় পাপ্পু যাদব ওরফে সঞ্জীব যাদবকে গ্রেফতার করে পুলিশ। এরপরই অর্জুন সিংয়ের বিরুদ্ধে সমাজবিরোধীদের আশ্রয় দেওয়ার অভিযোগে সরব হয়েছিলেন জগদ্দলের বিধায়ক।
সব প্রসঙ্গ মিলিয়ে একাধিক খুনের হলুদ ফাইল খুলে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়েরর মুখোশ খুলে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। শনিবার জগদ্দলের এক অনুষ্ঠানে আবার ফিরে এল সেই এক প্রসঙ্গ।