
শেষ আপডেট: 20 August 2023 06:35
দ্য ওয়াল ব্যুরো: ছাত্র-মৃত্যুকে কেন্দ্র করে বিগত কয়েকদিন ধরেই উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। প্রশ্নের মুখে কর্তৃপক্ষের ভূমিকা। র্যাগিং ও অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে চর্চা চলছে। এই আবহের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পেলেন বুদ্ধদেব সাহু (Buddhadeb Sahoo)। বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপককে অন্তর্বর্তীকালীন উপাচার্য করলেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই সংকটের মুখে বিশ্ববিদ্যালয় নিয়ে কী পরিকল্পনা নতুন উপাচার্যের?
ছাত্র মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের গরিমায় যে দাগ পড়েছে, তা একবাক্যে স্বীকার করছেন সকলেই। নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়ে বুদ্ধদেববাবুর এখন প্রথম চিন্তার কারণ বিশ্ববিদ্যালয়ের গরিমা নিয়েই। তাঁর আবেদন, 'অযথা বিশ্ববিদ্যালয়ের বদনাম করে ক্ষতি করবেন না। কোনটায় সকলের ভাল হবে, সেটাই এখনও সবার আগে আমাদের দেখতে হবে।'
যাদবপুর বিশ্ববিদ্যালয় বেশ কয়েকমাস ছিল উপাচার্যহীন। সুরঞ্জন দাসের মেয়াদ শেষ হওয়ার পর কয়েকদিনের জন্য উপাচার্যের দায়িত্ব পেয়েছিলেন অধ্যাপক অমিতাভ দত্ত। কিন্তু কিছুদিন পরেই তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নেন। তারপর থেকেই বিশ্ববিদ্যালয়ে কোনও উপাচার্য ছিল না। এই নিয়েও ক্ষোভ ছিল বিশ্বেবিদ্যালয়ের একাংশের মধ্যে।
ছাত্র মৃত্যুর ঘটনায় উঠে এসেছে র্যাগিংয়ের অভিযোগ। পুলিশ তদন্তে এমনই নানান সূত্র ও বয়ান পেয়েছে যাতে এই অভিযোগ আরও বদ্ধমূল হচ্ছে। যাদবপুরের অন্দরে কান পাতলেই এখন শোনা যাচ্ছে এই র্যাগিংয়ের কথা। মুখ খুলছে পড়ুয়াদের একাংশ। যাদবপুরে গরিমায় র্যাগিং যে কালো ছায়া তা মেনে নিচ্ছেন অনেকেই। সেই র্যাগিং বন্ধের ব্যাপারে কী ভাবনা চিন্তা রয়েছে বুদ্ধদেববাবুর? তিনি বলেন, 'হস্টেল ভিজিট থেকে শুরু করে কড়া নজরদারি রাখতে। যাতে কোনওরকম অন্যায় না হয়।'
পরিস্থিতি নিয়ন্ত্রণে একেবারেই পুলিশের ওপর নির্ভরতা একদমই পছন্দ নয় নতুন উপাচার্যের। তিনি বলেন, 'এটা শিক্ষাপ্রতিষ্ঠান। মতানৈক্য থাকবেই। কিন্তু তার জন্য সবসময় বাইরের সাহায্য প্রয়োজন নয় বলে আমার মত।'
আরও পড়ুন: যাদবপুর ছাত্রমৃত্যুতে উত্তাল, অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিযুক্ত হলেন গণিতের অধ্যাপক