
শেষ আপডেট: 11 September 2023 16:45
দ্য ওয়াল ব্যুরো: ফের কলকাতায় মৃত্যু হল ডেঙ্গিতে (Dengue Death)। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের (Jadavpur University Student) মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ক্যাম্পাস। গত ৩১ অগস্ট থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এম টেকের প্রথম বর্ষের ছাত্র ওহিদুর রহমান। সোমবার দুপুর ৩টে নাগাদ শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও হস্টেলে মশার বংশবৃদ্ধি নিয়ে অভিযোগ উঠছিল। বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ দাবি করেছিলেন, হস্টেলে মশার চাষ হয়। তাঁর দাবি, বারবার অভিযোগ জানিয়েও লাভ হয়নি। যদিও বুদ্ধদেববাবুর দাবি মানতে নারাজ ছিলেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
শহরে ডেঙ্গির প্রকোপ বেড়েই চলেছে। শনিবার দক্ষিণ দমদমের বাসিন্দা মধু সিংয়ের মৃত্যু হয় বেলেঘাটা আইডিতে। তার আগেও বেশ কয়েকজন শহরবাসীর প্রাণ গেছে ডেঙ্গিতে। হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা, সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। কলকাতা ছাড়াও অন্যান্য জেলাতেও ডেঙ্গির প্রভাব প্রায় একই।
ডেঙ্গি থেকে বাঁচতে প্রচার চালাচ্ছে কলকাতা পুরসভা। মশার উৎপাত কমাতে ভিয়েতনামি মশারি বিলি করা শুরু করছে পুরসভা। কীটনাশক লাগানো এই মশারির গায়ে বসলেই মশা মরবে বলে দাবি পুর আধিকারিকদের। তাছাড়া বাড়িঘরের আশপাশ পরিচ্ছন্ন রাখা, জল জমতে না দেওয়ার কথাও বার বার বলা হচ্ছে। কিন্তু তারপরও ডেঙ্গির প্রকোপ আটকানো যাচ্ছে না।
আরও পড়ুন: 'হেলমেট ছাড়া দেখালে তেজ…', সচেতনতা বাড়াতে কলকাতা পুলিশের হাতিয়ার 'জওয়ান'!