
শেষ আপডেট: 25 August 2023 14:21
দ্য ওয়াল ব্যুরো: গত ৯ অগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র মৃত্যুর ঘটনা (Jadavpur University Student Death Case) ঘটেছিল। সেই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য-রাজনীতি। এই মৃত্যুর ঘটনার পিছনে র্যাগিংয়ের অভিযোগ উঠেছিল। সবদিক খতিয়ে দেখতেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। ঘটনার দু'সপ্তাহ পর ওই কমিটি, বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্যের কাছে একটি অন্তর্বর্তীকালীন রিপোর্ট জমা দেয়। সেই রিপোর্টেই র্যাগিংয়ের কথা স্বীকার করা হয়েছে!
৯ অগস্ট রাতে ঠিক কী ঘটেছিল, সেই প্রশ্নের উত্তর যেমন খুঁজছে পুলিশ। তেমনই বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটিও বিষয়টি খতিয়ে দেখছিল। সূত্রের খবর, ১৪০ জনের বয়ান রেকর্ড করেছে তারা। সেখানেই উঠে এসেছে র্যাগিংয়ের প্রসঙ্গ। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ওই দিন রাতে মেন হস্টেলে র্যাগিংয়ের হয়েছিল। মৃত পড়ুয়াকেও র্যাগিংয়ের শিকার হতে হয়!
ছাত্র মৃত্যুর ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই তদন্তকারী কমিটির ওপর ঘটনা খতিয়ে দেখার ভার দিয়েছিল। তদন্তে নেমে কমিটি একাধিক পড়ুয়া, রেজিস্ট্রার, ডেপুটি রেজিস্ট্রার, প্রাক্তনী সহ মোট ১৪০ জনকে জিজ্ঞাসাবাদ করে। তাঁদের বয়ান ক্যামেরাবন্দি করা হয়েছিল, আবার কেউ কেউ লিখিত বয়ানও জমা দেন কমিটির কাছে। সেই ভিত্তিতেই রিপোর্ট তৈরি করা হয়েছে বলে সূত্রের খবর। শুক্রবার বিকেলে সেই রিপোর্ট তুলে দেওয়া হয় উপাচার্যের হাতে। যদিও এটি প্রাথমিক রিপোর্ট, পূর্ণাঙ্গ রিপোর্ট আর কয়েকদিনের মধ্যেই জমা দেওয়া হবে বলে জানা গেছে।
সূত্রের খবর, রিপোর্টের পরতে পরতে বিস্ফোরক দাবি করা হয়েছে। বলা হয়েছে, হস্টেলে র্যাগিংয়ের ঘটনা নতুন নয়। নিত্যদিন সিনিয়রদের র্যাগিংয়ের মুখে পড়তে হয় জুনিয়রদের। এই নিয়ে কর্তৃপক্ষকে বারবার জানানো হয়েছিল বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। র্যাগিংয়ের প্রতিরোধে বিশ্ববিদ্যালয় যে প্রকার ব্যর্থ, সেটাই রিপোর্টে দাবি করা হয়েছে বলে সূত্রের খবর।
গত ৯ অগস্ট বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের এ২ ব্লকের তিনতলা থেকে পড়ে মৃত্যু হয় প্রথম বর্ষের পড়ুয়ার। সেই ঘটনায় একাধিক অভিযোগ সামনে আসে। সেদিন রাতে কী ঘটেছিল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তবে ঘটনার দিন মৃত পড়ুয়া যে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন, তা উল্লেখ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্টে।
আরও পড়ুন: যাদবপুর কাণ্ডে সামনে হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোতা ছিলেন সৌরভ! ‘পিক অ্যান্ড চুজ’ করে মারধর, দাবি পুলিশের