
শেষ আপডেট: 16 August 2023 15:22
দ্য ওয়াল ব্যুরো: এক ছাত্রের রহস্যমৃত্যুর (Student Death) ঘটনায় প্রশ্নের মুখে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেল সুরক্ষা (Jadavpur University security)। ক্রমেই জোরাল হচ্ছে ব়্যাগিং তত্ত্ব। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান, মোট ৯ জন পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। প্রশ্নের মুখে কর্তৃপক্ষের ভূমিকাও। প্রশ্ন উঠছে, তাঁদের নজর এড়িয়ে এবং নিয়মের পরোয়া না করে কীভাবে দিনের পর দিন আইন ভেঙে হস্টেলে পড়ে থাকতেন প্রাক্তনীরা? রাজ্য পুলিশের পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশন, শিশু সুরক্ষা কমিশনও নিজেদের মতো করে ঘটনার তদন্ত করছে। বুধবার ঘটনাস্থল পরিদর্শন করে রাজ্য মানবাধিকার কমিশনও।
সূত্রের খবর, ওই আলোচনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের একাধিক পদস্থ আধিকারিক। এরপরই নিরাপত্তার দায়িত্বে প্রাক্তন সেনা কর্মীদের মোতায়েন করার বিষয়ে সহ-উপাচার্যের কাছে প্রস্তাব পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার।
অফিসিয়ালি এই বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে একান্ত আলাপচারিতায় বিশ্ববিদ্যালয়ের একাংশ আধিকারিক এমন প্রস্তাবের বিষয়ে আলোচনার বিষয়টির সত্যতা স্বীকার করে নিয়েছেন। তাঁরা বলছেন, ছাত্র মৃত্যুর ঘটনার পর ক্রমেই সামনে এসেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার বেআব্রু দশাটা। বহিরাগত প্রবেশ থেকে ক্যাম্পাসে গুচ্ছ গুচ্ছ মদের বোতল, সামনে এসেছে হাজারও অনিয়ম। রাজ্যের অন্যতম নামী শিক্ষা প্রতিষ্ঠান এভাবে কালিমালিপ্ত হওয়ায় ব্যথিতও তাঁরা।
সূত্রের খবর, এরপরই নিরাপত্তার (Jadavpur University security) প্রশ্নে কোনও রকমের আপোষ করতে চাইছেন না কর্তৃপক্ষ। কাকতালীয়ভাবে, বুধবার বিকেলেই রাজ্যপালের ডাকে সাড়া দিয়ে রাজভবনে গিয়েছেন রেজিস্ট্রার-সহ যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে ক্যাম্পাসের নিরাপত্তা দেখভালের কাজে প্রাক্তন সেনাকর্মীদের নিয়োগের বিষয়েও সেখানে আলোচনার সম্ভবনা থাকছে। Jরাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য সিভি আনন্দ বোস সম্মতি দিলে অদূর ভবিষ্যতেই ক্যাম্পাসের নিরাপত্তার বহর বদলে যেতে পারে বলেও মনে করা হচ্ছে। তবে প্রস্তাব বাস্তবায়িত হয় কি না, সময়েই মিলবে তার সদুত্তর।
আরও পড়ুন: সেই রাতে কী ঘটেছিল যাদবপুরের হস্টেলে, মানবাধিকার কমিশনকে জানাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ