
শেষ আপডেট: 15 August 2023 14:24
দ্য ওয়াল ব্যুরো: এক ছাত্রের মৃত্যুর ঘটনায় (Jadavpur Students Death) প্রশ্নের মুখে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। কেন বিশ্ববিদ্যালয় চত্বরে সিসিটিভি (CCTV) লাগানো হয়নি, তা নিয়ে উঠছে প্রশ্ন। এমনকী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে সোমবার বেহালার এক অনুষ্ঠান থেকে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও ছাত্র মৃত্যুর ঘটনার পর থেকেই কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছিল, ক্যাম্পাসে বহিরাগতদের (outsider) প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। পরিচয়পত্র দেখে তবেই ক্যাম্পাসের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে পড়ুয়াদের।
জানা গেছে, রবীন্দ্রভবনের পাশে ওপেন এয়ার থিয়েটারের পাঁচিল টপকে ভিতরে ঢুকে ওই ‘বহিরাগত’। সূত্রের খবর, ক্যাম্পাসেই থাকে ওই যুবক। তবে নিরাপত্তার কড়াকড়ির কারণেই এখন তাকে বা তাদের পাঁচিল টপকে ঢুকতে হচ্ছে। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমন অভিযোগ মানতে নারাজ। তাঁদের দাবি, হস্টেলের ছাত্র ছাড়া বাইরের কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না।
ছাত্র মৃত্যুর ঘটনার পর সামনে এসেছে হস্টেলের একাধিক অনিয়ম। জোরাল হচ্ছে ব়্যাগিংয়ের তত্ত্ব। কেন সিসিটিভি লাগানো হয়নি, তা নিয়ে তদন্তকারী পুলিশ কর্তাদের প্রশ্নের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এমনকী ঘটনার দিন রাতে যাদবপুরের মেন হস্টেলে পুলিশকে ঢুকতে না দেওয়ার ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। তারপরও যেভাবে পাঁচিল টপকে বিশ্ববিদ্যালয়ের ভিতরে ‘বহিরাগত’র প্রবেশের অভিযোগ সামনে এসেছে. তাতে নতুন করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার 'বহর' নিয়ে প্রশ্ন তুলেছে ওয়াকিবহাল মহল।
অন্যদিকে ছাত্র মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের যে চ্যাট ভাইরাল হয়েছে, তাতে বেশ কয়েকটি নাম ঘোরাফেরা করছে। সংশ্লিষ্ট পড়ুয়াদের একাংশ ঘটনার পর থেকেই বেপাত্তা বলে অভিযোগ করেছেন এসএফআই নেতা অনুষ্টুপ চক্রবর্তী। তাঁর দাবি, “যে নামগুলো ভাইরাল হয়েছে, পুলিশের উচিত তাদের সকলকে জেরা করা। তাহলে হয়তো অনেক অজানা তথ্য সামনে আসতে পারে।”
আরও পড়ুন: প্রতীক্ষার অবসান, স্বাধীনতা দিবসে স্বাধীন শিক্ষাঙ্গন পেল যৌনপল্লীর কচিকাঁচারা