
শেষ আপডেট: 13 August 2023 08:51
দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর ঘটনায় সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য (Jadavpur student death case new update)। বুধবার, ঘটনার দিন রাতে পুলিশ দেখতে পায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেল থেকে একটি হলুদ রঙের ট্যাক্সি (Yellow taxi at the campus) বেরিয়ে চলে যায়। সেই ট্যাক্সিকে ধাওয়া করে একটি পুলিশ ভ্যান। দেখা যায়, ট্যাক্সিটি যাদবপুরের কেপিসি হাসপাতালে ঢুকে যায়। পুলিশ খোঁজ খবর নিয়ে জানতে পারে, স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর ঘটনা!
পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে যাদবপুর থানায় ফোন আসে। সেখানে জানানো হয় বিশ্ববিদ্যালয়ের হস্টেলের তিনতলা থেকে একজন পড়ুয়া পড়ে গেছেন নীচে। খবর পেয়েই পুলিশ ছোটে বিশ্ববিদ্যালয়ে। কিন্তু মেন হস্টেলের সামনে গিয়ে পুলিশ দেখে গেটে ভেতর থেকে তালা মারা। চেষ্টা করেও ভেতরে ঢুকতে পারেননি পুলিশ কর্মীরা।
স্বপ্নদীপের মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সৌরভ চৌধুরী, দীপশেখর দত্ত ও মনোতোষ ঘোষকে নিজেদের হেফাজতে রেখে এইসব না জানা প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিশ। সূত্রের খবর, তিনজনের বয়ানেই অনেক অসঙ্গতি মিলেছে।
শুক্রবারই থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন স্বপ্নদীপের বাবা রামপ্রসাদ কুণ্ডু। তাঁর অভিযোগ পেয়েই পুলিশ হস্টেলের একাধিক আবাসিক, কেয়ারটেকার থেকে শুরু করে নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসাবাদ শুরু করে। সেদিন রাতে ঠিক কী ঘটেছিল, সেটাই জানার চেষ্টা করছে পুলিশ।
আরও পড়ুন: যাদবপুরের ৬৮ নম্বর ঘরে মিলল হলুদ ডায়েরি, দিনলিপি লেখার অভ্যেস ছিল স্বপ্নদীপের, বলছে পরিবার