
শেষ আপডেট: 20 December 2023 22:49
দ্য ওয়াল ব্যুরো: আয়কর দফতরের তল্লাশির মাঝেই অসুস্থ হয়ে পড়লেন মুর্শিদাবাদের সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস। বুধবার সকাল থেকেই তাঁর বাড়িতে আয়কর তল্লাশি চলছে। এরই মধ্যে অসুস্থ হয়ে পড়লেন বিধায়ক। সন্ধের পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে। রাত ৯ টা নাগাদ তাঁর বাড়ি থেকে একটি কালো গাড়ি বেরতে দেখা যায়। তাতেই ওঠেন বায়রন। তাঁর নিজের নার্সিংহোমেই তাঁকে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।
বুধবার সকাল ৬টা নাগাদ মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ধুলিয়ানে বাইরনের বাড়িতে হানা দেন আয়কর আধিকারিকরা। যদিও এই বাড়ি বায়রন বিশ্বাসের বাবার নামে বলে জানা গেছে। তখন থেকেই অসুস্থ বোধ করছিলেন বাইরন। বাড়িতে চিকিৎসকদেরও নিয়ে আসা হয়। কিন্তু সন্ধের পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তখন তাঁর নিজের নার্সিংহোমেই নিয়ে যাওয়া হয় বাইরনকে।
জানা গেছে, সুগার লেভেল কমে যাওয়ার কারণেই অসুস্থ হয়ে পড়েন বিধায়ক। বাড়ি ছাড়াও এদিন বিধায়কের স্কুল ও নার্সিংহোমেও আয়কর তল্লাশি চলেছে। আয়কর দফতরের আধিকারিকরা তল্লাশি চালিয়েছেন বাইরনের রাসায়নিক তৈরির কারখানাতেও।
সূত্রের খবর তৃণমূল বিধায়কের বিরুদ্ধে জিএসটি ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে।
উল্লেখ্য সাগরদিঘির প্রাক্তন বিধায়ক সুব্রত সাহার মৃত্যুতে খালি হওয়া ওই আসনে উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জয়ী হন বাইরন বিশ্বাস। পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন তিনি।
তৃণমূলের রাজ্য সম্পাদক কানাই চন্দ্র মন্ডল বলেছেন, “বাইরন বিশ্বাসের পরিবারের বহু ব্যবসা রয়েছে। তারা সরকারকে যথাযথ আয়কর দিয়েই ব্যবসা চালায়। কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনের আগে তৃণমূল বিধায়ক এবং তৃণমূল দলকে কালিমা লিপ্ত করার জন্য বিজেপির নির্দেশে এই আয়কর হানা চালানো হয়েছে।“
তৃণমূলের এই অভিযোগ উড়িয়ে বিজেপির জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি ধনঞ্জয় ঘোষ বলেন, “কেন্দ্রীয় এজেন্সিকে বিজেপি নিয়ন্ত্রণ করে না। বিধায়কের বিরুদ্ধে নিশ্চয়ই কোনও আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। তাই এই হানা চলছে।“