দ্য ওয়াল ব্যুরো : গত ২৫ মার্চ কাবুলে গুরুদোয়ারায় হামলা চালিয়েছিল আইএস জঙ্গিরা। শনিবার আফগানিস্তানের স্পেশাল সিকিউরিটি ফোর্স গ্রেফতার করল সেই হামলার মূল চক্রান্তকারীকে। তাঁর নাম মাওলাওয়ি আবদুল্লা ওরফে আসলাম ফারুকি। তিনি ছিলেন ইসলামিক স্টেটের খোরাসান প্রদেশের ‘আমির’। ২০১৯ সাল থেকে তিনি খোরাসান প্রদেশে আইএসকে নেতৃত্ব দিচ্ছেন।
ফারুকি পাকিস্তানের নাগরিক। আগে তিনি লস্কর ই তৈবার সঙ্গে যুক্ত ছিলেন। পরে যুক্ত হন তেহরিক ই তালিবান নামে অপর এক সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে। তিনি মামোজাই উপজাতির মানুষ। আফগানিস্তানের সীমান্তে পাকিস্তানের ওরাকজাই এজেন্সি অঞ্চলে ওই উপজাতি বাস করে।
কাবুল ও দিল্লির সন্ত্রাসবাদ দমন সংস্থাগুলি জানিয়েছে, হাক্কানি নেটওয়ার্ক ও লস্কর ই তৈবা ফারুকিকে গুরুদোয়ারায় হামলা চালানোর দায়িত্ব দেয়। ফারুকি ওই আক্রমণ চালানোর জন্য মুহসিন তিকারিপুর নামে এক জঙ্গিকে নিয়োগ করেন। মুহসিনের সঙ্গে সহায়তা করার জন্য ছিল আরও তিন জঙ্গি। তারা কাবুলের শোর বাজার অঞ্চলে হামলা চালিয়ে ২৭ জন নিরীহ শিখ ধর্মাবলম্বী মানুষকে হত্যা করে।
মুহসিনের বাড়ি ছিল কেরলে। সে ইতিমধ্যেই নিহত হয়েছে। কেরলে তার বাড়িতে মৃত্যুর খবরও পৌঁছে দেওয়া হয়েছে।
একটি সূত্রের খবর, কাবুলে ভারতীয় দূতাবাসই ছিল আইএসের প্রধান টার্গেট। তালিবান এবং আইএস, উভয়েই চায়, আফগানিস্তানে শান্তি প্রক্রিয়া থেকে ভারত দূরে থাকুক।