
শেষ আপডেট: 11 July 2023 07:36
দ্য ওয়াল ব্যুরো: শাস্তির মুখে পড়লেন ইসকনের (Iskon) সন্ন্যাসী অমোঘ লীলা প্রভু (Amogh Lila Prabhu)। শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দ সম্পর্কে বিরূপ মন্তব্য করায় প্রায়শ্চিত্তের জন্য বৃন্দাবনে পাঠানো হল তাঁকে (Punishment)। প্রকাশ্যে ধর্মীয় আলোচনা করতেও নিষেধ করা হয়েছে তাঁকে। ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস প্রভু বলেন, “ওই মন্তব্যের জন্য ক্ষমাও চাইতে হয়েছে অমোঘ লীলা প্রভুকে।”
ভক্তদের উদ্দেশে হিন্দু ধর্মের মাহাত্ম্য ও তাতে ইসকনের ভূমিকা বোঝাতে গিয়ে সরাসরি রামকৃষ্ণ ও বিবেকানন্দের দর্শনকেই আক্রমণ করে বসেন তিনি। রামকৃষ্ণের 'যত মত তত পথ' বাণীকে উদ্ধৃত করে এমন ব্যাখ্যা দিয়ে বসেন যা রীতিমতো হাস্যকর বলেই মনে করছেন অনেকেই। রামকৃষ্ণ তাঁর এই বাণীতে মানুষকে বোঝাতে চেয়েছিলেন ঈশ্বরকে অনুভবের বহু পথ। একেক মতের মানুষ একেক পথ ধরে এগোতে পারেন। কিন্তু শেষে সেই একই অভীষ্ঠে পৌঁছবেন তাঁরা। পরমহংসদেবের সেই দর্শনের ব্যাখ্যা করতে গিয়ে অমোঘ লীলা বলেন, 'যে রাস্তা দিয়ে ইচ্ছে যাওয়ার বেরিয়ে পড়ো, গন্তব্য একই হবে। সেটা কখনই হয় না। আমি যদি মায়াপুর যেতে চাই, তবে ডান-বাম-আগে-পিছে যে কোনও রাস্তা ধরে যাওয়া সম্ভব নয়। একটি নির্দিষ্ট রাস্তা ধরতে হবে।'
শুধু রামকৃষ্ণ নন, বিবেকানন্দর নীতিকেও সমালোচনা করেছেন অমোঘ লীলা। তিনি বলেন যে, বিবেকানন্দকে তিনি শ্রদ্ধা করেন ঠিকই, কিন্তু সব মানতে পারেন না। তিনি কখনই বিবেকানন্দকে সিদ্ধ পুরুষ মনে করেন না। অমোঘ লীলার ব্যাখ্যা, “কোনও সিদ্ধপুরুষ কখনও কোনও পশু মেরে খাবেন না।” তিনি বলেন, “বিবেকানন্দ যদি মাছ খান তবে কীভাবে তিনি সিদ্ধপুরুষ হবেন?”
তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ অমোঘ লীলার ওই ভিডিও টুইট করে লেখেন, 'ইস্কন আমাদের প্রিয়। কিন্তু তার এই বাচালের অসভ্যতা বন্ধ করুন তাঁরা। রামকৃষ্ণ, বিবেকানন্দকে অপমান করে এসব কথা বললে বরদাস্ত করা হবে না।' পাশাপাশি, অমোঘ লীলার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান কুণাল।
ইসকনের তরফ থেকে জানানো হয়েছে শ্রীরামকৃষ্ণ ও বিবেকানন্দের অপব্যাখ্যার জন্য ইতিমধ্যেই শাস্তি দেওয়া হয়েছে এই সন্ন্যাসীকে।
ব্যালটে কালি ছেটানোর অভিযোগে গ্রেফতার কোচবিহারের তৃণমূল প্রার্থী, গণনা কেন্দ্রে হুলস্থুল