
শেষ আপডেট: 19 December 2018 18:30
মুকেশ ও নীতা আম্বানির মেয়ে ঈশার শ্বশুরবাড়ি হলো গুলিতা। শ্বশুরবাড়ি বললে ভুল হবে। ঈশার স্বামী আনন্দ পিরামলকে ওই প্রাসাদটি বিয়ের উপহার হিসেবে দিয়েছেন তাঁর বাবা অজয় পিরামল। প্রাসাদটির সামনে সুবিশাল কাচের থ্রি ডাইমেনশনাল ডিজাইন। পিছনে চকচকে স্টিলের তিনটি কাঠামো। এই প্রাসাদটিতেই ঘর বাঁধছেন ঈশা-আনন্দ। এই প্রাসাদটি সাজানোর কাজ চলছে গত কয়েক মাস ধরে। দক্ষিণ মুম্বইয়ের ওরলির এই বাড়িটি আরব সাগর তীরে। বাড়ি থেকে দেখা যায় মুম্বইয়ের নতুন ও বিখ্যাত সি-লিঙ্ক ব্রিজ।
ঈশার মেগা বিয়েতে বিখ্যাত পপ তারকা বিয়ন্স পারফর্ম করেছেন। এসেছিলেন দুই প্রাক্তন মার্কিন বিদেশ সচিব হিলারি ক্লিন্টন ও জন কেরি। এসেছিলেন সৌদি আরবের তেল সংক্রান্ত দফতরের মন্ত্রী খালিদ আল ফালি, শিল্পপতি স্টিফেন শোয়ারজ়ম্যান ও হেনরি ক্রেভিস। এ ছাড়া সারা পৃথিবী থেকে বহু প্রথম সারির টাইকুন, সেলিব্রিটিদের ভিড় লেগেছিল মুকেশ-কন্যার সপ্তাহব্যাপী বিয়েতে।