.webp)
শেষ আপডেট: 2 October 2023 16:22
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটে উত্তরবঙ্গেও প্রার্থী দেবে নওসাদ সিদ্দিকির আএসএফ। তবে ‘ছোটো ভাইজান’ সোমবার বুঝিয়ে দিলেন খামোখা প্রার্থী দিয়ে হাসির খোরাক হতে রাজি নন তিনি। ভোট কাটাকাটিও (পড়ুন বাম-কংগ্রেসের ভোট) উদ্দেশ্য নয়। যেখানে সংগঠন মজবুত করতে পারবেন, বেছে বেছে সেই আসনগুলিতে প্রার্থী দেবেন।
নওসাদের এই ঘোষণা চিন্তায় ফেলতে পারে বাম-কংগ্রেসকে। মালদহ পর্যন্ত উত্তরবঙ্গের আটটি আসনের মধ্যে এখন সাতটিই রয়েছে বিজেপির কাছে। একমাত্র দক্ষিণ মালদহ আসনটি রয়েছে কংগ্রেসের দখলে। নওসাদ এদিন জানিয়েছেন, উত্তরবঙ্গে এখনও পর্যন্ত চার-পাঁচটি আসন তাঁদের নজরে রয়েছে। সেখানে প্রার্থী দেওয়ার কথা ভাবছেন তিনি।
আটটি আসনের মধ্যে নওসাদরা চারটিতেই প্রার্থী দিতে চাইলে বাম-কংগ্রেসের ভোট কাটাকাটি অনিবার্য হয়ে উঠতে বাধ্য। মালদহের দুটি আসন ছাড়াও রায়গঞ্জে উল্লেখযোগ্য সংখ্যায় সংখ্যালঘু ভোট রয়েছে। কোচবিহারেও সংখ্যালঘু ভোটের সংখ্যা কম নয়।
১ অক্টোবর থেকে উত্তরবঙ্গ সফর শুরু করেছেন নওসাদ। রবিবার কোচবিহার জেলা সফরের পর এদিন জলপাইগুড়ি জেলা সফর সারছেন 'ভাইজান'।
নওসাদের দল আইএসএফ দক্ষিণবঙ্গে কিছুটা দাগ কাটলেও এখনও সেই ভাবে উত্তরবঙ্গে দাগ কাটতে পারেনি। পঞ্চায়েত নির্বাচনে অবশ্য উত্তরের কয়েকটি জেলায় তারা খাতা খুলেছে। কিন্তু তা শতাংশের হারে তা শূন্য।
এমন পরিস্থিতিতে লোকসভায় প্রার্থী দেওয়ার আগে নিজে ঘুরে দেখে নিচ্ছেন নওসাদ, প্রার্থী দিলে আদৌ কোনও দাগ কাটতে পারবে কিনা তা বোঝার চেষ্টা করছেন।
পর্যবেক্ষকদের অনেকের মতে, এটা নওসাদদের কৌশলও হতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে সংগঠন বাড়ানোর জন্য সুসংহত ভাবেই এগোচ্ছে তারা। লোকসভা ভোটের সময়ে যদি সত্যিই বামেদের সঙ্গে জোট হয়, তাহলে তারা উল্লেখযোগ্য কয়েকটি আসন চাইতে পারে। এমন আসন যেখানে ভাল সংখ্যায় ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বস্তুত আব্বাস সিদ্দিকির সঙ্গে নওসাদের রাজনৈতিক আচরণের একটা ফারাক গত প্রায় আড়াই বছরে পরিষ্কার হয়ে গিয়েছে। নওসাদ একনিষ্ট। তাঁর ভাবমূর্তিও পরিচ্ছন্ন। ধীর স্থির ভাবে তিনি বাংলায় সংখ্যালঘুদের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা বাড়ানোর ধারাবাহিক চেষ্টা করে যাচ্ছেন। আর তার মাধ্যমে শুধু ভাঙড়ে বা ফুরফুরায় আটকে না থেকে বাংলা জুড়ে সংগঠন বাড়ানোর চেষ্টা করছেন। কারণ নওসাদ বুঝতে পারছেন, জমিতে সংগঠন থাকলে তবেই কদর থাকবে আইএসএফের। শুধু ফ্যান ক্লাব তৈরি করে দীর্ঘমেয়াদি লাভ হবে না।