
মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 3 April 2025 16:24
দ্য ওয়াল ব্যুরো: দুপুরে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মুখ্যসচিব মনোজ পন্থদের নিয়ে তড়িঘড়ি বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আলোচনার বিষয়বস্তু প্রায় ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল (26,000 Job Cancellations)। বৈঠক সেরে যখন রাজ্যের প্রশাসনিক প্রধান সাংবাদিকদের মুখোমুখি হলেন, তখন সকলের মতো চাকরিহারাদেরও নজর ছিল 'দিদি' কী বলেন সেই দিকে। মমতাও তাঁদের উদ্দেশে আশ্বস্ত করে বললেন, "যাঁরা ন্যায্য ভাবে বঞ্চিত হয়েছেন, তাঁদের পাশে আমরা ছিলাম, আছি এবং থাকব।" শুধু তাই নয়, স্পষ্ট করে একটা প্রশ্নও রাখলেন, "শিক্ষা ব্যবস্থাকে ধসিয়ে দেওয়াই কি বিজেপির টার্গেট?"
২৬ হাজার চাকরি বাতিল (SSC) মামলায় রাজনৈতিক আকচা-আকচি ছিল প্রথম থেকেই। এদিন রায়ের পর তাতে ঘি পড়েছে তো বটেই, বরং রাজ্যের প্রশাসনিক প্রধানও সুযোগ বুঝে আঙুল তুলতে ছাড়লেন না। সিপিএম-বিজেপিকে একই কাঠগড়ায় দাঁড় করিয়ে মমতা বলেন, "বিচার ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ সম্মান রয়েছে। কোনও বিচারপতির বিরুদ্ধে আমাদের কোনও অভিযোগ নেই। কিন্তু বিজেপির মন্ত্রী সুকান্ত পোস্ট করেছেন অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি গিয়েছে, এর জন্য নাকি আমরা দায়ী। প্রথমে যখন আপনারা কেস করলেন তখন তো একবারও ভাবলেন না কারা যোগ্য, কারা অযোগ্য? সরকারকেও তো এই নিয়ে ভাবতে দিলেন না।"
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সাংবাদিক বৈঠক থেকে চাকরিহারাদের আশ্বাস দিয়ে বলেন, কেউ যেন মানসিক চাপ না নেন। তিনি শুনেছেন অনেকেই মানসিকভাবে বিধ্বস্ত। বোঝানোর চেষ্টা করেন তিনিও এ ব্যাপারে যথেষ্ট সন্দিহান। যে বিজেপি-সিপিএম-এর জন্য পরিবারগুলো অচল হয়ে গেল তারাও সচল থাকবে না। যদি চাকরিহারাদের কারও কিছু হয়, সেই দায়ও বিরোধীদেরও নিতে হবে।
যেহেতু, নিয়োগ মামলার অন্যতম আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য, সেহেতু তাঁকেও একহাত নিয়েছেন মুখ্যমন্ত্রী। কটাক্ষের সুরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "সবাই তো আর অযোগ্য নয়। দু'চারজনের জন্য এতগুলো চাকরি বাতিল করা হল। বিকাশবাবুর জন্যই তো এটা হল।" ঠেস মেরে এও বলেন ভাবতে হবে রাজ্য তাঁর নামে নোবেল পুরস্কার রেকমেন্ড করবে কিনা।