দ্য ওয়াল ব্যুরো : শুক্রবারই সরকার জানিয়েছে, জুন মাসে শেষ হওয়া ত্রৈমাসিকে দেশের মোট জাতীয় উৎপাদনের বৃদ্ধির হার নেমে এসেছে পাঁচ শতাংশে। কিন্তু এই তথ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছে কংগ্রেস। তাদের ধারণা, জিডিপি বৃদ্ধির হার সম্ভবত পাঁচ শতাংশের চেয়েও কম। কিছুদিন আগে সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রহ্মণ্যম বলেন, সরকার ২০১১-১২ এবং ২০১৬-১৭ সালের আর্থিক বিকাশ বাড়িয়ে দেখিয়েছে।
কংগ্রেস টুইট করে বলেছে, বিকাশের হার নিয়ে সরকারের দেওয়া তথ্যে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। মুখ্য অর্থনৈতিক উপদেষ্টাও আছেন তাঁদের মধ্যে। সরকার যে বলছে জিডিপি বিকাশের হার এখন পাঁচ শতাংশ, তা কি সত্য? বিকাশের প্রকৃত হার কি আরও কম?
২০১৮-১৯ সালের আর্থিক বছরে জুন মাসে শেষ হওয়া ত্রৈমাসিকে বিকাশের হার ছিল আট শতাংশ। গত মার্চে শেষ হওয়া ত্রৈমাসিকে বিকাশের হার ছিল ৫.৮ শতাংশ। কিন্তু তার পরের ত্রৈমাসিকে তা কমে পাঁচ শতাংশে দাঁড়িয়েছে। এর ফলে অর্থনীতির নানা ক্ষেত্রে লাভের হার কমেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়ি ও জমি-বাড়ি ক্ষেত্র। গাড়ির বিক্রি কমে যাওয়ায় ওই শিল্পে গত কয়েক মাসে হাজার হাজার কর্মী ছাঁটাই হয়েছেন।
অর্থনীতিকে চাঙ্গা করার জন্য গত কয়েক দিনে বেশ কয়েকটি ব্যবস্থা নিয়েছে মোদী সরকার। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে কড়াকড়ি শিথিল করা হয়েছে ও বিদেশি বিনিয়োগকারীদের ওপর থেকে কর কমানো হয়েছে। শুক্রবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেছেন, কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে মিলিয়ে দেওয়া হবে।