
শেষ আপডেট: 2 December 2022 15:32
দ্য ওয়াল ব্যুরো: কপালে মৃত্যু থাকলে তা খণ্ডাবে কে! নয়তো এমনটাও যে হতে পারে, তা কি কেউ ভেবেছিল? ট্রেনের কাচের জানলা ভেদ করে ভিতরে বসে থাকা যাত্রীর গলা এফোঁড় ওফোঁড় করে বেরিয়ে গেল লোহার রড (Rod Pierces Through Train Passenger's Neck)! পকেটে হাত ঢুকিয়ে বসে থাকা অবস্থাতেই মর্মান্তিক মৃত্যু হল যাত্রীর।
ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল পৌনে নটা নাগাদ উত্তরপ্রদেশের (Uttar Pradesh)প্রয়াগরাজ ডিভিশনের দানওয়ার এবং সোমনা স্টেশনের মাঝখানে দিল্লি থেকে কানপুরগামী নীলাচল এক্সপ্রেসে। মৃত যুবকের নাম হরিকেশ কুমার দুবে। তিনি দিল্লির বাসিন্দা বলে জানা গেছে।
দুর্ঘটনার একটি ছবি প্রকাশ পেয়েছে, যা দেখে শিউরে উঠছেন নেটিজেনরা। ছবিতে দেখা যাচ্ছে, নীল জিন্স এবং বাদামী রঙের জ্যাকেট পরে ট্রেনের কামরায় বসে আছেন ওই যুবক। জানলা ভেদ করে ভিতরে ঢুকে তাঁর গলা ফুঁড়ে বেরিয়ে গেছে একটি লোহার রড। যুবকের চোখ বোজা, একটি হাত তখনও পকেটে ঢোকানো। তাঁর শরীর থেকে বেরোনো রক্তে ভেসে যাচ্ছে ট্রেনের সিট। পাশেই ইতস্তত ছড়িয়ে রয়েছে জানলার ভাঙা কাচের টুকরো।

বিষয়টি নিয়ে বিবৃতি প্রকাশ করেছে ভারতীয় রেল। জানানো হয়েছে, কাজের জন্য রেললাইনে রাখা একটি রডই কোনওভাবে দুর্ঘটনাবশত জানলা ভেঙে ঢুকে যায় ওই যুবকের গলায়। আলিগড় জংশনে ট্রেন থামার পর জিআরপির হাতে তুলে দেওয়া হয়েছে ওই যাত্রীর মৃতদেহ। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
রেললাইনে কাজের জন্য লোহার রড রাখা থাকলেও জানলা ভেদ করে তা কীভাবে চলন্ত ট্রেনের কামরায় ঢুকে গেল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিষয়টি নিয়ে অত্যন্ত আতঙ্কিত ট্রেনের যাত্রীরা।
প্রসঙ্গত, গত ২৮ নভেম্বর গলা এফোঁড় ওফোঁড় করে বেরিয়ে যাওয়া ত্রিশূল বেঁধা অবস্থায় কলকাতার এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে হাজির হয়েছিলেন এক যুবক। সরকারি হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকরা মধ্যরাতেই মেডিকেল দল গঠন করে অস্ত্রোপচার করেন ওই যুবকের। তাঁদের তৎপরতায় প্রাণে বেঁচে যান ওই যুবক। জানা গিয়েছিল, ঝামেলার সময় যুবকেরই দুই বন্ধু তাঁর গলা ত্রিশূল বিঁধিয়ে দেয়। দেড় ঘন্টার জটিল অস্ত্রোপচারে তাঁর প্রাণ বাঁচে। চিকিৎসকরা জানান, গলায় ত্রিশূল বিঁধলেও যুবকের শ্বাসনালি এবং খাদ্যনালি অক্ষত ছিল।
গলা ফুঁড়ে ঢুকেছিল ত্রিশূল, কিন্তু শ্বাসনালি-খাদ্যনালি ফুটো হয়নি, জটিল অপারেশনের বিবরণ দিল এনআরএস