
ফাইল ছবি।
শেষ আপডেট: 7 November 2024 19:43
দ্য ওয়াল ব্যুরো: হিমালয়ের কোলে নৈনিতালের নৈস্বর্গিক প্রকৃতির স্বাদ গ্রহণ করতে চান? শুধু নৈনিতালই বা বলি কেন, চম্পাওয়া, লোহাঘা, চৌকোরি, আলমোড়া, ভীমতাল-সহ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এলাকাগুলি ভ্রমণের জন্য বিশেষ ট্যুর প্যাকেজ নিয়ে এল আইআরসিটিসি।
আইআরসিটিসি-র তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভ্রমণ পিপাসুদের স্বার্থে নামমাত্র মূল্যে ১০ রাত, ১১ দিনের এই বিশেষ ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে। এই স্পেশ্যাল ভ্রমণ প্যাকেজের নামকরণ করা হয়েছে, ‘দেবভূমি উত্তরাখণ্ড যাত্রা’।
আইআরসিটিসি-র তরফে জানানো হয়েছে, ৩ ডিসেম্বর কলকাতা রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে স্পেশ্যাল এই ট্রেনটি। ট্রেনে ভ্রমণ এবং বোর্ডের বাইরে নিরামিষ খাবারের সঙ্গে ভ্রমণ স্পটে হোম স্টে/গেস্ট হাউস/বাজেট হোটেলে থাকার ব্যবস্থা এবং নন-এসি/এসি সড়ক পরিবহণের ব্যবস্থাও থাকছে।
স্পেশ্যাল এই ট্রেনটি যাত্রাপথের মধ্যে তানকপুর-চম্পাওয়াত/লোহাঘাট, চৌকোরি, আলমোড়া, নৈনিতাল, ভীমতাল, কলকাতা, বর্ধমান, আসানসোল, ঝাঝা, বরাউনি, হাজিপুর, গোরখপুর, লখনউ স্টেশনে দাঁড়াবে।
পূর্ব রেলওয়ে অফিস থেকে জানানো হয়েছে, প্রাপ্তবয়স্ক এবং পাঁচ থেকে এগারো বছর বয়সি শিশুদের জন্য স্ট্যান্ডার্ড প্যাকেজের দাম ৩০ হাজার ২৯৫ টাকা এবং ডিলাক্স প্যাকেজের জন্য ৩৮ হাজার ৫৩৫ টাকা দিতে হবে। স্পেশ্যাল এই ভ্রমণ সম্পর্কে আরও বিস্তারিত জানতে আইআরসিটিসির পূর্বাঞ্চলের তরফে হেল্পলাইন নম্বর (৮৫৯৫৯০৪০৭৪/৭৫) এবং ওয়েবসাইটটি হল- www.irctctourism.com।