
শেষ আপডেট: 28 May 2023 07:30
দ্য ওয়াল ব্যুরো: মাত্র কয়েক ঘণ্টা, তারপরই আমদাবাদে শুরু হবে এবারের আইপিএলের ফাইনাল। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাত টাইটনসের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস (IPL final Chennai vs Gujrat)। এবারের ফাইনালে রয়েছে একাধিক রেকর্ড ভাঙা-গড়ার খেলা।

গুজরাতের মাটিতে খেলা হলেও গ্যালারিতে হলুদ পতাকা কম উড়বে না। বারবার চিৎকার শোনা যাবে, 'ধোনি, ধোনি…'। হয়তো এটাই ধোনির (Mahendra singh Dhoni) আইপিএলে শেষ ম্যাচ হতে চলেছে। আর সেই ম্যাচে নেমেই মাহি ইতিহাস তৈরি করবেন। আইপিএলে (IPL final) এটাই ধোনির ২৫০ তম ম্যাচ হতে চলেছে। প্রথম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করবেন তিনি। এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক আইপিএল ম্যাচ খেলার রেকর্ড ধোনিরই রয়েছে।
এখনও পর্যন্ত আইপিএলে সবচেয়ে বেশি ফাইনাল খেলেছেন মাহির চেন্নাই। কিন্তু জেতার নিরিখে মুম্বইয়ের থেকে একটু পিছিয়ে রয়েছে তারা। মুম্বইয়ের ঝুলিতে রয়েছে ৫ বার আইপিএল খেতাব জেতার নজির। রবিবার চেন্নাই (Chennai vs Gujrat) জিতলে সেই রেকর্ড ছুঁয়ে ফেলবে সিএসকে।

অন্যদিকে, হার্দিক পান্ডিয়ার গুজরাতের কাছেও আছে রেকর্ড গড়ার হাতছানি। যদি তারা এবারের ফাইনাল জেতে তবে সিএসকে এবং এমআইয়ের পরে এটি আইপিএলে তৃতীয় দল হয়ে শিরোপা ধরে রাখার নজির গড়বে তারা।
চলতি আইপিএলে যে নামগুলি নিয়ে চর্চা চলছে, তার মধ্যে ওপরের দিকেই আছেন গুজরাতের শুভমান গিল। তাঁর কাছে রয়েছে দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে ৯০০-র ক্লাবে ঢোকার সুযোগ। অর্থাৎ এক মরশুমে ৯০০ রান করার নজির এর আগে একমাত্র রয়েছে বিরাট কোহলিরই। কোহলি ২০১৬ সালে ৯৭৩ রান করেছিলেন। গিল এখনও পর্যন্ত এই মরশুমে ৮৫১ রান করেছেন। রবিবারের ম্যাচে যদি ৪৯ রান আসে তাঁর ব্যাট থেকে তবে ৯০০ রানের ফলক ছুঁয়ে ফেলবেন গিল।