
শেষ আপডেট: 30 May 2023 10:03
দ্য ওয়াল ব্যুরো: সোমবার রাতে শেষ হল এবারের আইপিএল (IPL 2023)। প্রতিবারের মতো চলতি বছরেও আইপিএল নিয়ে উন্মাদনা ছিল নজরকাড়া। কিন্তু অন্যবারের তুলনায় এবারের আইপিএল ছিল একটু অন্যরকম। এই আইপিএলে বহু রেকর্ড (IPL 2023 Records) ভেঙেছে, তৈরি হয়েছে নতুন নজিরও!
চলতি আইপিএলে প্রায় প্রতি ম্যাচই ছিল যেন থ্রিলারের চিত্রনাট্য। বেশকিছু ম্যাচ মীমাংসা হয়েছে শেষ বলে। এমনকী ফাইনাল ম্যাচও তার অন্যথা হয়নি। শেষ ওভার ছিল নাটকে ভরপুর। গুজরাতের হয়ে মোহিত শর্মা শেষ ওভার বল করেছিলেন। জেতার জন্য চেন্নাইয়ের প্রয়োজন ছিল ১৩ রান। প্রথম চার বলে ওঠে মাত্র ৩ রান। কিন্তু শেষ ২ বলে ম্যাচের রঙ পাল্টে দেন জাদেজা। ছয় এবং চার মেরে চেন্নাইকে ট্রফি জেতান তিনি।
সবচেয়ে বেশি সেঞ্চুরি (Most centuries)
২০২৩ সালের আইপিএলে সবচেয়ে বেশি শতরান হয়েছে। এবার আইপিএলে ১২টি সেঞ্চুরি হয়। এর আগে কোনও আইপিএলে এতগুলি সেঞ্চুরির নজির ছিল না। আইপিএলে ইতিহাসে যা সত্যিই অনন্য নজির। ২০২২ সালে ছিল ৮টি সেঞ্চুরি। সেই রেকর্ড ভাঙল এবার। শুধু তাই নয়, এবারের আইপিএলে বিরাট কোহলিকে অন্যভাবে দেখল তাঁর ভক্তরা। পরপর শতরান করেন তিনি। আইপিএল ইতিহাসে ৭টা সেঞ্চুরি রয়েছে তাঁর।
মেগা টোটাল (Mega Totals)
চলতি আইপিএল ব্যাটারদের কাছে ছিল স্বপ্নের। ইডেন, মোহালি, ওয়াংখেড়ের মতো মাঠগুলি ছিল ব্যাটারদের কাছে আশীর্বাদের মতো। প্রচুর রান উঠেছে এইসব ম্যাচে। এবারের আইপিএলে পাঞ্জাবের বিরুদ্ধে সর্বোচ্চ রান (২৫৭) তোলে লখনউ।
সবচেয়ে বেশি ২০০+ রান (Most 200+ totals)
এবারের আইপিএলে সবচেয়ে বেশি ২০০+ রান উঠেছে। মোট ৩৭টি ২০০+ রান হয়েছে এই মরশুমে। এই ক্ষেত্রেও ২০২২ সালের রেকর্ড ভাঙল। ২০২২ সালে ১৮টি ২০০+ রান হয়েছিল।
সফল রান তাড়া করার রেকর্ড (Successful chases of 200 or more)
এই আইপিএলে ২০০ রানও সুরক্ষিত ছিল না দলের কাছে। ২০০+ রান তাড়া করে জেতার হিসেবে সবচেয়ে বেশি নজির গড়ল আইপিএল ২০২৩। এবার ৮ বার ২০০+ রান তাড়া করে জেতার রেকর্ড তৈরি হয়েছে।
সর্বাধিক প্রথম ইনিংসে গড় টোটাল (Highest average first innings total)
ব্যাটারদের জন্য প্রায় প্রতিটি পিচই ছিল রান করার উপযুক্ত। সেই সুযোগ কাজেও লাগিয়েছেন ব্যাটাররা। ২০২৩ সালে প্রথম ইনিংসের গড় টোটাল ছিল ১৮৩। ভাঙল ২০১৮ সালের রেকর্ড। সেবার প্রথম ইনিংসে গড় টোটাল ছিল ১৭২।
সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরির রেকর্ড (Most Half-Centuries)
এবারের আইপিএলে মোট ১৫৩টি হাফ সেঞ্চুরি হয়েছে। যা অন্যান্য বারের থেকে অনেক বেশি। ২০২২ সালে ছিল ১১৮টি হাফ সেঞ্চুরির রেকর্ড। ২০২৩ সালে সেই রেকর্ডই ভেঙে গেল।
জাদেজার উইনিং শট দেখলেন না ধোনি! মাহির চোখে-মুখে এমন টেনশন আগে দেখেছেন?