
শেষ আপডেট: 24 May 2023 06:29
দ্য ওয়াল ব্যুরো: ফেলুদা ভক্তরা প্রায় সকলেই 'মগজাস্ত্র' শব্দটার সঙ্গে পরিচিত! মাঝে মাঝেই ফেলুদাকে বলতে শোনা গেছে, তিনি নাকি মগজাস্ত্রে শাণ দিচ্ছেন। অনেকেই খেলার মাঠে ধোনিকে (MS Dhoni) ফেলুদা বলছেন। মঙ্গলবার ম্যাচে (IPL 2023) মাহি যা করলেন, তাতে ধোনির মগজাস্ত্রকে তারিফ করছেন সকলেই। যদিও তা নিয়ে বিতর্কও চলছে।
মঙ্গলবার গুজরাতের বিরুদ্ধে প্লে-অফের ম্যাচে চেন্নাই প্রথমে ব্যাট করে তোলে ১৭২ রান। জবাবে ব্যাট করতে নেমে ১৫৭ রানেই আটকে যায় হার্দিক পান্ডিয়ার গুজরাত। কিন্তু হার্দিকদের ইনিংসের ১৬ তম ওভারে ধোনি যা করলেন তা আইপিএলের ইতিহাসে আগে ঘটেছে কিনা সন্দেহ।
হার্দিকদের ইনিংসে ১৬ তম ওভার মাথিসা পাথিরানকে (Matheesha Pathirana) দিয়ে করাতে চেয়েছিলেন ধোনি। কিন্তু আইপিএলে নিয়মের বেড়াজালে আটকে যাচ্ছিল। আম্পায়ার রাজি ছিলেন না। কেন? নিয়ম অনুযায়ী, যদি কোনও প্লেয়ার ৮ মিনিটের বেশি সময় মাঠের বাইরে থাকেন তাহলে মাঠে ঢুকেই সঙ্গে সঙ্গে বল করতে পারেন না। এই সময়টাকে পেনাল্টি টাইম বলা হয়।
পাথিরান এই নিয়মের বেড়াজালে আটকে গিয়েছিলেন পাথিরান। ধোনি তাঁকে দিয়ে যে ওভারে বল করাতে চাইছিলেন, তার আগে ৯ মিনিটের বেশি সময় মাঠের বাইরে ছিলেন তিনি। তাই আম্পায়ার তাঁকে দিয়ে বল করাতে দিতে চাইছিলেন না।
কিন্তু মাহি জেদ ধরে রেখেছিলেন, পাথিরানকে দিয়েই ওই ওভার বল করাবেন। ধোনি নিজের মগজাস্ত্রকে কাজে লাগিয়ে মিনিট চারেক আম্পায়ারের সঙ্গে কথা বলে পেনাল্টি টাইম 'নষ্ট' করেন। তারপর পাথিরানকে দিয়েই বল করান। এর জন্য শেষ ওভারে 'ফিল্ডিং পেনাল্টি' খেয়েছেন মাহি। ধোনির এই সিদ্ধান্ত নিয়ে বিতর্কও তৈরি হয়েছে।
ডট বল হলেই ভেসে উঠছে গাছের ছবি! আইপিএলের প্লে-অফে কেন এমন উদ্যোগ নিল বোর্ড