
শেষ আপডেট: 20 May 2023 08:04
দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের (IPL 2023) আকাশে সূর্য এখন পশ্চিমে ঢলে পড়েছে। ইতিমধ্যেই প্লে-অফে (play-offs) চলে গেছে গুজরাত টাইটানস। আর দিল্লি, পাঞ্জাব, হায়দরাবাদ বিদায় নিয়ে নিয়েছে এবারের আইপিএল থেকে। বাকি ছয় টিমের মধ্যে কোন তিনটি টিম প্লে-অফে খেলবে সেই অঙ্কই চলছে। সেই দৌড়ে একদম শেষে রয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। শেষ চারে যেতে পারবে কি তারা?
শনিবার লখনউ-র বিরুদ্ধে ইডেনে নামছে কলকাতা। কার্যত আইপিল থেকে ছিটকে গেলেও খাতায়-কলমে ক্ষীণ আশা এখনও আছে নীতিশ রাণাদের। যদিও কোনও বড় রকমের মিরাক্কল না হলে প্লে-অফ খেলার আশা নেই নাইটদের। বলা চলে, ইডেনে নিয়মরক্ষার ম্যাচে নামতে চলেছে কলকাতা।
কলকাতা এখন পয়েন্ট টেবিলে ৭ নম্বরে দাঁড়িয়ে। ১৩ ম্যাচ খেলে ৬টা জিতেছে। হেরেছে ৭টা। নেট রানরেট -০.২৫৬। যদি আজকের ম্যাচ কলকাতা জিতে গেলেও প্লে-অফের টিকিট নিশ্চিত নয়। সেই জন্য যেমন নিজেদের ম্যাচের ফলাফল দেখতে হবে, সেইসঙ্গে তাকিয়ে থাকতে হবে মুম্বই ইন্ডিয়ান্স-সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-গুজরাট টাইটানস ম্যাচের দিকে। যদি বেঙ্গালুরু ও মুম্বই জিতে যায়, তবে কোনও অঙ্কেই প্লে-অফে যেতে পারবে না কলকাতা।
শনিবার ইডেনে যদি কলকাতা প্রথমে ব্যাট করে তবে নীতিশদের ন্যূনতম ১০৩ রানে হারাতে হবে লখনউকে। আর যদি রান তাড়া করে নামে কলকাতাকে ৮.৫ ওভারের মধ্যে লক্ষ্যমাত্রা তুলতে হবে। যাতে নিদেনপক্ষে রাজস্থানের নেট রানরেট (+০.১৪৮) ছাপিয়ে যেতে পারে।
অন্যদিকে রবিবার মুম্বই (-০.১২৮) এবং বেঙ্গালুরুকে (+০.১৮০) হারতে হবে বিপক্ষের কাছে। কারণ মুম্বই বা বেঙ্গালুরু - যে দল জিতবে, সেই দলই প্লে-অফের টিকিট পেয়ে যাবে।
কলকাতায় গম্ভীরদের ড্রেসিংরুমে রাণারা, ফিলগুড আবহেই ইডেনে হবে ধুন্ধুমার ম্যাচ