দ্য ওয়াল ব্যুরো: রেমডেসিভিরের থেরাপিতে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংক্রমণজনিত কোনও জটিল রোগ নেই তাঁর। স্বাস্থ্য ভাল আছে। এমনটাই জানিয়েছেন হোয়াইট হাউসের চিকিৎসক সিন কনলে।
শুক্রবার সকালেই জানা গিয়েছিল করোনা আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। চিকিৎসকদের পরামর্শে বেথেসদার ওয়াল্টার রিড মিলিটারি মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়েছে তাঁকে। ট্রাম্পের হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে আজ সকালেই বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস। প্রেস সেক্রেটারি কেলি ম্যাগনানি জানিয়েছেন, হাসপাতালে পরীক্ষামূলক থেরাপি হচ্ছে ট্রাম্পের। তাঁর শারীরিক অবস্থা ভাল। মেরিল্যান্ডের ওই মিলিটারি হাসপাতালে এখন কয়েকদিন পর্যবেক্ষণে থাকবেন তিনি। কাজকর্ম পরিচালনা করবেন হাসপাতাল থেকেই।
ট্রাম্পের চিকিৎসার দায়িত্বে থাকা সিন কেনলি বলেছেন, তাঁর উপসর্গ মৃদু। এখনও অবধি সংক্রমণজনিত কোনও রোগ দেখা দেয়নি। শুরু থেকেই অ্যান্টি-রেট্রোভিয়াল ওষুধ রেমডেসিভিরের থেরাপিতেই রাখা হয়েছে ট্রাম্পকে। কেনলি বলেছেন, ট্রাম্পের বয়স এখন ৭৪ বছর। ওজনও বেশি। তাই কোনওরকম ঝুঁকি না নিয়েই রেমডেসিভির ওষুধের প্রয়োগ শুরু করে দেওয়া হয়েছে। মৃদু বা মাঝারি উপসর্গের রোগীদের ক্ষেত্রে জরুরি ভিত্তিতে রেমডেসিভির প্রয়োগের অনুমতি আগেই দিয়েছিল মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)।
https://twitter.com/realDonaldTrump/status/1312158400352972800
শুক্রবার রাতে হোয়াইট হাউস থেকে প্রকাশিত হেলথ বুলেটিনে কেনলি জানান, রেমডেসিভির ওষুধে কাজ হচ্ছে। আগের থেকে অনেক ভাল আছেন মার্কিন প্রেসিডেন্ট। রেমডেসিভির ওষুধের প্রথম ডোজ নিয়ে নিয়েছেন তিনি। এখনও অবধি অক্সিজেন সাপোর্ট দেওয়ার প্রয়োজন হয়নি।
শনিবার নিজের টুইটার হ্যান্ডেল থেকে ভিডিও পোস্ট করে ট্রাম্প বলেছেন, তিনি ভালই আছেন। যাতে সবকিছু দ্রুত কার্যকর হয় সে ব্যাপারে চিন্তাভাবনা করছেন। ফার্স্ট লেডি মেলানিয়ার সুস্থ থাকার খবরও দিয়েছেন ভিডিও বার্তায়। মেলানিয়ার করোনা উপসর্গও মৃদু। তিনি এখন হোয়াইট হাউসে রয়েছেন।