দ্য ওয়াল ব্যুরো: হাওয়ায় ভেসে বেড়াচ্ছে টাকা, বৃষ্টির মতো ঝরে পড়ছে টাকা। চারদিকে শুধু টাকা আর টাকা। জর্জিয়ার আটলান্টা হাইওয়েতে একটা গোটা বিকেল-সন্ধে জুড়ে টাকায় যেন স্নান করলেন মানুষজন। দৌড়ে-ছুটে-ঝাঁপিয়ে মুঠো মুঠো টাকা ধরে লোকজনের সে কী আনন্দ! সেই ভিডিয়ো ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ব্যাপারটা তাহলে খুলেই বলা যাক। ডানউডি থানার অফিসাররা জানিয়েছেন, এই ঘটনা ঘটেছে বুধবার স্থানীয় সময় বিকেলের দিকে আই-২৮৫ এলাকার পশ্চিমের হাইওয়ে অ্যাশফোর্ড ডানউডির রাস্তায়। সেই রাস্তা ধরে যাচ্ছিল গার্ডাওয়ার্ল্ড সিকিউরিটি সার্ভিসের একটি টাকা বোঝাই ট্রাক। কোনও ভাবে সেটির দরজার লক খুলে যায়। আর ভিতর থেকে মুঠো মুঠো ডলার বেরিয়ে ছড়িয়ে পড়ে রাস্তায়। চালকের অসাবধানতায়, যতটা রাস্তা পাড়ি দিয়েছে ট্রাক, ততটা রাস্তা জুড়েই টাকা যেন মুড়ি-মুড়কির মতো ছড়াতে ছড়াতে গেছে। আর হাতের নাগালে হঠাৎই জাদু বাক্স খোলার মতো তাড়া তাড়া নোট দেখে মানুষজনের সে কী আনন্দ!
https://www.youtube.com/watch?v=0UdUZlkk-vA&feature=youtu.be
পথচলতি মানুষ থমকে দাঁড়িয়ে টাকা কুড়োচ্ছেন। কেউ আবার গাড়ি থামিয়ে নেমে এসে টাকার পিছনে ছুটছেন, কেউ লাফিয়ে, কেউ ঝাঁপিয়ে টাকা কুড়োবার যেন প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। খবর পেয়ে সন্ধে নাগাদ ঘটনাস্থলে যখন পুলিশ পৌঁছেছে, তখন রাস্তাঘাট মোটামুটি চেটেপুটে সাফ। গুটিকয়েক নোট পড়ে রয়েছে ট্রাকে।
https://www.facebook.com/dunwoodypolice/posts/10156108388671603
পুলিশ জানিয়েছে, প্রায় ১ কোটি টাকা (ভারতীয় টাকায়) গায়েব হয়ে হয়ে গেছে ট্রাক থেকে। ডানউডি থানার পুলিশের মুখপাত্র রবার্ট পার্সনস জানিয়েছেন, মানুষের উত্তেজনা বুঝতে পারছি। তবে টাকা ফেরত দেওয়া প্রয়োজন। তাঁর কথায়, "আমাদের কাছে অনেকগুলো সোশ্যাল মিডিয়া ভিডিয়ো ও ছবি রয়েছে। আমরা চাই মানুষজন যাঁরা টাকা নিয়েছেন চুপচাপ এসে ফেরত দিয়ে যান। কারণ পুলিশ তাঁদের সনাক্ত করে খুঁজতে বার হলে সেটা খুব একটা ভালো ব্যাপার হবে না।"