
শেষ আপডেট: 1 May 2019 18:30
বলা নেই, কওয়া নেই, আগাম ঘোষণা নেই—হঠাৎই বিয়ে করে ফেলেছেন থাইল্যান্ডের রাজা, এই খবর ছড়াতেই ক্যামেরা হাতে মিডিয়ার ভিড় রাজমহলের বাইরে। রাজার বিয়ে বলে কথা, উচ্ছ্বাস, উন্মাদনা থাকবে না তাই কি হয়! তবে কাওকেই তেমন ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হয়নি।
পিতৃদত্ত নাম ছাড়াও একটা পোশাকি নাম আছে বাজিরালংকর্ণের, সেটা হলো রাজা রামা এক্স। নাম না বলে উপাধি বলাই ভালো, কারণ এমন নামে তাঁকে ডাকেন প্রজারাই। সুথিডার সঙ্গে তাঁর আলাপ ২০১৪ সালে। তিন নম্বর স্ত্রীয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পরে বাজিরালংকর্ণ মানসিক অবস্থা তখন টালমাটাল। সুথিডা তখন থাই এয়ারওয়েজের বিমানকর্মী। তাঁকে নিজের দেহরক্ষীর ডেপুটি কম্যান্ডার হিসেবে নিয়োগ করেন বাজিরালংকর্ণ।
শোনা গেছে, ২০১৬ সালে রয়্যাল থাই সেনার জেনারেল হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল সুথিডাকে। তার পরের বছরই রাজার ব্যক্তিগত দেহরক্ষীর ডেপুটি কম্যান্ডারের দায়িত্ব পান সুথিডা। প্রেম তখন অনেকটাই ঘণীভূত। কানাঘুষো চলছে থাইল্যান্ডের রাজার সঙ্গে তাঁর দেহরক্ষীর সম্পর্ক তৈরি হয়েছে। তবে সরাসরি ঘোষণা করেননি কেউই। রাজার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, রাজ্যাভিষেকের আগেই চমকটা দিতে চেয়েছিলেন রাজা রামা এক্স। এর আগেও তিন বার বিবাহবিচ্ছেদ হয়েছে তাঁর। রয়েছে সাত সন্তান।
২০১৬ সালে ৮৮ বছর বয়সে মারা যান বাজিরালংকর্ণের বাবা ভূমিবল অতুল্যতেজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরে, ১৯৪৬ সালের ৯ জুন রাজা হয়েছিলেন তিনি। নানা গোষ্ঠী সংঘর্ষে দীর্ণ থাইল্যান্ডকে একক রাষ্ট্র হিসেবে তিনিই গড়ে তুলেছিলেন। তাঁর মৃত্যুর পরে সেই হাল ধরেন বাজিরালংকর্ণ।