দ্য ওয়াল ব্যুরো: নিছকই গুপ্তচর, নাকি বন্ধু! নরওয়ের উপকূলে সেই বেলুগা তিমি নিয়ে এখন হাজারো প্রশ্ন। গলায় পরানো রেডিও কলার আর সন্দেহজনক হাবভাব দেখে যাকে গুপ্তচর ঠাওরেছিল নরওয়ের এক মৎস্যজীবী। বিজ্ঞানীদেরও ধারণা এই তিমি যে সে তিমি নয়, এক্কেবারে প্রশিক্ষণ দেওয়া 'স্মার্ট' তিমি। তা সে স্মার্টই বটে, ফের একবার সেই প্রমাণ দিয়ে দিয়েছে দুধসাদা এই বেলুগা তিমিটি। নরওয়ের উপকূলে আবার সে উদয় হয়েছে, তবে একেবারে বন্ধু বেশে। হাত ফস্কে সমুদ্রের জলে পড়ে যাওয়া আইফোন পরম যত্নে সে ফেরত দিয়ে গেছে এক তরুণীকে। দেশ-কালের ভেদ করেনি।
প্রশিক্ষণ দেওয়া ডলফিন, সি লায়নের কেরামতি প্রায়শই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এবং সেগুলি বেশ আগ্রহ ভরে উপভোগও করেন নেটিজেনরা। আর 'গুপ্তচর' তিমি যদি বন্ধুর মতো আচরণ করে, তাহলে সেই ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগে না। আর হয়েছেও তাই। জলে হারিয়ে যাওয়া আইফোন খুঁজে সেটা মুখে করে এনে তরুণীর হাতে তুলে দিচ্ছে একটা তিমি, এই ভিডিও দেখে রীতিমতো আপ্লুত ভিউয়াররা। ভিডিও নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেছেন ওই তরুণী ইশা ওপডাল। তিন দিন আগে পোস্ট করা সেই ভিডিওতে এখন লাইক হাজার হাজার। কমেন্টের বন্যা।
বন্ধুর সঙ্গে বোটে চেপে সমুদ্রে ভাসছিলেন ইশা। হাতে ছিল তাঁর সাধের আইফোন। ছবি তুলতে তুলতে হঠাৎই আইফোন ফস্কে একেবারে সমুদ্রের জলে। আইফোন খুঁজতে জলে ঝাঁপাবেন কি না ভাবছেন ইশা, আচমকাই জলের ভিতর একটা সাদা ছায়া চোখে পড়ে তাঁদের। দ্রুত সাঁতরে সেই ছায়াটা তাঁদের বোটের দিকেই ভেসে আসছে। আর একটু কাছে আসতেই চমক, আরে এ তো সেই কলার পরা 'গুপ্তচর' তিমি! সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার দৌলতে এই বেলুগা তিমিকে এখন চিনে গেছেন বিশ্বের প্রায় সবাই। তিমির মুখে আইফোন, পরম যত্নে জলের ভিতর থেকে খুঁজে এনেছে সে। তরুণীর হাতে দিয়ে মুখ তুলে নিজের ভাষায় কিছু বলে আবার সে জলে ডুব দেয়।
https://www.instagram.com/p/BxFlIZpAT7a/?utm_source=ig_embed
বেলুগা তিমি-কাণ্ডে ইতিমধ্যেই চাপা উত্তেজনা চলছে রাশিয়া ও নরওয়ের মধ্যে। নরওয়ের নৌসেনা ও বিজ্ঞানীদের ধারণা সমুদ্রের যাবতীয় খবরাখবর এই তিমির মারফৎ পেয়ে যাচ্ছে রাশিয়া। তাদেরই নৌবাহিনীর প্রশিক্ষণে গলায় ভিডিও ক্যামেরা ও আনুষঙ্গিক জিনিসপত্র পরিয়ে সেটিকে সমুদ্রে ছেড়ে দেওয়া হয়েছে। গত মাসে সমুদ্রে মাছ ধরতে নেমে হঠাৎই এই তিমির সাক্ষাৎ পায় নরওয়ের এক মৎস্যজীবী জোর হেস্টেন। তিনি মৎস্যবিজ্ঞানীদের জানিয়েছিলেন, তিমিটি নাকি উপকূলের কাছে সমুদ্রে একবার ভেসে উঠছিল, পরক্ষণেই ডুব দিচ্ছিল। তার গলায় পরানো বেল্টের মতো জিনিস থেকে যান্ত্রিক শব্দ বার হচ্ছিল। ধরতে গেলেই নাগালের বাইরে চলে যাচ্ছিল সে।
মেরিন বায়োলজিস্ট জর্জেন রি উইগ জানিয়েছেন, এর পরেও তিমিটাকে আরও দু’একবার দেখা গেছে। হঠাৎ করে দেখলে মনে হবে সেটা জলে ভেসে-ডুবে খেলা করছে। আসলে মোটেও তা নয়। এইভাবে চারদিকে সতর্ক নজর রাখছে সে। আর তার চারপাশের ঘটনা রেকর্ড করছে তার বেল্টে লাগানো ভিডিও ক্যামেরায়। উইগ জানিয়েছেন, বেল্টটি বিশেষ ভাবে তৈরি করেছেন নৌবাহিনীর অফিসাররা। তার প্রতিটি কোণায় লাগানো GoPro ক্যামেরা। আরও কিছু গোপন জিনিস রয়েছে, তবে সেটা এখনও অবধি জানা যায়নি।
যাই হোক, গুপ্তচর বা বন্ধু, এই বেলুগা তিমি যে এখন বিশ্ববাসীর মন কেড়েছে সেটা বলাই বাহুল্য। তার কাজ থেকে নেটিজেনরা আর সন্দেহ নয়, বরং গলা তুলে বলছেন- 'ক্যায়া বাত, ক্যায়া বাত!'
আরও পড়ুন:
https://www.four.suk.1wp.in/news-international-a-beluga-whale-spotted-off-the-coast-of-norway-was-trained-by-the-russian-navy/