
শেষ আপডেট: 21 April 2019 18:30
লুজন দ্বীপে ভূমিকম্পের জেরে ভেঙে পড়েছে বেশ কয়েকটি বহুতল। রাস্তাঘাট, দোকানপাট বিপর্যস্ত। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্যামপাঙ্গা। এখানকার গভর্নর লিলিয়া পিনেডা জানিয়েছেন, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে। ধ্বংসস্তূপের ভিতরে এখনও বহু মানুষের আটকে থাকার সম্ভাবনা রয়েছে। আর্তনাদ আর কান্নায় ভারী হয়ে উঠেছে শহরের আকাশ।

ভূমিকম্পের জেরে রাজধানী শহরে ব্যাহত হয়েছে বিমান পরিষেবা। বাতিল করা হয়েছে কয়েকটি উড়ান। ক্লার্ক ইন্টারন্যাশনাল বিমানবন্দরের বেশ কিছু অংশ ভেঙে পড়েছে। আন্তর্জাতিক এই বিমান সংস্থার প্রেসিডেন্ট জেমি মেলো জানিয়েছেন, বিমানবন্দরের চেক-ইন লবির সিলিং ধসে পড়ে গুরুতর জখম সাত জন। আগামী ২৪ ঘণ্টা পরিষেবা বন্ধ থাকবে বলে জানিয়েছেন তিনি।
https://twitter.com/officialdjmagik/status/1120276511649452033
রাজধানী ম্যানিলার বেশ কয়েকটি বহুতল ধসে পড়েছে কম্পনের জেরে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, একটি বাণিজ্যিক ভবনের রুফ টপ সুইমিং পুল ভেঙে রাস্তায় নেমে আসছে প্রবল জলস্রোত।
গত বছর বড়দিনে ঘূর্ণিঝড়ের প্রকোপে মৃত্যু হয়েছিল ২২ জনের। তার রেশ কাটতে না কাটতেই ভূমিকম্পে কেঁপে ওঠে ফিলিপিন্সের উপকূলবর্তী অঞ্চল মিন্ডানা। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৬.৯। আমেরিকার প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার-এর তরফে ঘোষণা করা হয় সুনামি সতর্কতা। সুনামি-সতর্কতা ঘোষণা করে স্থানীয় প্রশাসনও। প্রায় ১২ হাজার মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয় নিরাপদ আশ্রয়ে।