দ্য ওয়াল ব্যুরো: চরবৃত্তির অভিযোগ উঠল পাক সেনার শীর্ষকর্তাদের মধ্যে। সেনার গোপন তথ্য বিদেশি এজেন্সির কাছে পাচার করে দেওয়ার অভিযোগে পাক সেনার একজন লেফটেন্যান্ট জেনারেলকে যাবজ্জীবনের সাজা দিল পাকিস্তানের সামরিক আদালত। সেই সঙ্গে তথ্য পাচারের অভিযোগে মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হলো বিগ্রেডিয়ার পদমর্যাদার এক আধিকারিক ও একজন অসামরিক কর্মকর্তাকে।
সূত্রের খবর, তথ্য পাচারের মামলা চলছিল পাকিস্তানের সামরিক আদালতে। সেখানেই দোষী সাব্যস্ত হন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাভেদ ইকবাল, প্রাক্তন ব্রিগেডিয়ার জেনারেল রাজা রিজওয়ান এবং সেনা হাসপাতালের চিকিৎসক ওয়াসিম আক্রম। জাভেদ ইকবালকে পাক সামরিক আদালতের রায়ে যাবজ্জীবনের অর্থাৎ ১৪ বছরের সাজা দেওয়া হয়। অন্যদিকে, মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয় প্রাক্তন ব্রিগেডিয়ার জেনারেল রাজা রিজওয়ান ও চিকিৎসক ওয়াসিমকে।
পাক সেনার শীর্ষকর্তাদের এমন সাজা দেওয়ার কথা বিবৃতি দিয়ে জানান পাক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া। তিনি বলেন, সেনার স্পর্শকাতর ও গোপথ তথ্য পাচারের কাজ করছিলেন ওই দুই শীর্ষ কর্তা। তাঁদের হয়ে চরবৃত্তির কাজ করেছিলেন ওই চিকিৎসক।
সেনাপ্রধানের কথায়, পাক সামরিক আদালতের নিজস্ব আইন রয়েছে। এই দুই শীর্ষকর্তা ছাড়াও আরও কেউ তথ্যপাচারের সঙ্গে জড়িত কি না খুঁজে বার করা হচ্ছে।