দ্য ওয়াল ব্যুরো: প্রশিক্ষণ চলার সময় রাওয়ালপিন্ডিতে ভেঙে পড়ল পাকিস্তানের বায়ুসেনার বিমান। মঙ্গলবার সকালের দিকে এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৭ জন। সূত্রের খবর, বিমানের পাঁচ জন ক্রু ছাড়াও মৃত্যু হয়েছে ১২ জন স্থানীয় বাসিন্দার। গুরুতর জখম আরও ১২।
পাকিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, এ দিন সকালে বায়ুসেনার প্রশিক্ষণ চলছিল রাওয়ালপিন্ডির গ্য়ারিসন সিটিতে। বিমানটি উড়বার কিছু সময় পরেই তাতেই গোলযোগ দেখা দেয়। আকাশেই পাক খেতে খেতে সেটি আছড়ে পড়ে মাটিতে। বিকট বিস্ফোরণের সঙ্গে আগুন ধরে যায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে দমকলবাহিনী। পৌঁছয় উদ্ধারকারী দলও।
পাক সেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, দুর্ঘটনায় বিমানের ভিতরে থাকা পাঁচ জন ক্রুয়ের মৃত্য়ু হয়েছে। যেখানে বিমানটি ভেঙে পড়ে তার আশপাশে অনেক বাড়িঘর ছিল। ক্ষতিগ্রস্থ হয়েছে বেশ কয়েকটি। প্রাণ হারিয়েছেন ১২ জন। আশঙ্কাজনক অবস্থায হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও ১২ জনকে।
দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি বলেই খবর। তবে পাক সেনার দাবি, যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।