মেহুল চোকসি আমাদের কাজে লাগবে না, ভারতকে দিয়ে দেবো: অ্যান্টিগার প্রধানমন্ত্রী
দ্য ওয়াল ব্যুরো: পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোকসির প্রত্যর্পণে আগেই রাজি ছিল অ্যান্টিগা। চোকসির উপর থেকে নাগরিকত্বের রক্ষাকবচও তুলে নিয়েছিল সে দেশের সরকার। বলা হয়েছিল আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর চোকসিকে ভারতের হাতে তুলে দেওয়া হবে। অ্যান
শেষ আপডেট: 25 September 2019 18:30
দ্য ওয়াল ব্যুরো: পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোকসির প্রত্যর্পণে আগেই রাজি ছিল অ্যান্টিগা। চোকসির উপর থেকে নাগরিকত্বের রক্ষাকবচও তুলে নিয়েছিল সে দেশের সরকার। বলা হয়েছিল আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর চোকসিকে ভারতের হাতে তুলে দেওয়া হবে। অ্যান্টিগার প্রধানমন্ত্রী গাস্টন ব্রাউন আশ্বাস দিলেন, মেহুল চোকসিকে দ্রুতই ভারতের হাতে তুলে দেওয়া হবে। কারণ তাঁর মতো দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ীর কোনও প্রয়োজন অ্যান্টিগার মতো দেশের নেই।
চোকসিকে ভারতে ফেরাতে সব রকম সহযোগিতা করা হবে বলেই জানিয়েছেন অ্যান্টিগার প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘‘এমন ভাবার কোনও কারণ নেই যে আমাদের দেশ ফৌজদারি বা আর্থিক অপরাধীদের স্বর্গরাজ্য। এটা ঠিক যে মেহুল চোকসি কারও সাহায্যে আমাদের দেশের নাগরিকত্ব পেয়ে গিয়েছিলেন। সেটা বাতিল করা হয়েছে। চোকসিকে আমাদের দরকার নেই। ভারতের হাতে যত তাড়াতাড়ি সম্ভব তুলে দেওয়া হবে।’’
বিপুল অঙ্কের ব্যাঙ্ক জালিয়াতি করে মেহুল চোকসি এবং তাঁর ভাইপো নীরব মোদী দু’জনেই দেশ ছেড়ে পলাতক। ১৩ হাজার কোটি টাকা ব্যাঙ্ক জালিয়াতি কাণ্ডে গুজরাতি ব্যবসায়ী মেহুল চোকসিকেও গ্রেফতারে অতি সক্রিয় হয়েছে নয়াদিল্লি। গত বছরই ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র অ্যান্টিগার নাগরিকত্ব নিয়ে নেন চোকসি। অ্যান্টিগার সঙ্গে ভারতের বন্দী প্রত্যর্পণ চুক্তি নেই। সেই সুযোগকে কাজে লাগিয়েই সে দেশের নাগরিকত্ব নেন চোকসি। সিবিআই-এর অনুরোধে তাঁর বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করে ইন্টারপোল। তবে ওই দ্বীপরাষ্ট্রের আইনে কমনওয়েলথ গোষ্ঠীভুক্ত দেশগুলিতে পলাতক প্রত্যর্পণের ধারা রয়েছে। তার ওপর ভিত্তি করেই মেহুল চোকসিকে দেশে ফেরানোর চেষ্টা শুরু করে ভারত।
চোকসির নাগরিকত্ব বাতিল হওয়ার পরে তাঁকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়। সেই সময় শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে চোকসি বলেন ৪১ ঘণ্টা বিমান সফর করে দেশের আদালতে হাজিরা দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। এর পরেই জানা যায়, গা ঢাকা দিয়েছেন চোকসি। অ্যান্টিগার প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভারতীয় আইনকে ফাঁকি দেওয়ায় তাঁর আইনি আত্মরক্ষার অধিকারও কেড়ে নেওয়া হবে।
