দ্য ওয়াল ব্যুরো: ব্রিটেনেও প্রটোকলের বাইরে গিয়ে ৯০ বছরের বৃদ্ধাকে প্রথম টিকা দিয়েছিল ফাইজার। সুইৎজারল্যান্ডেও ফাইজারের টিকা প্রথম পেলেন বছর নব্বইয়ের এক ঠাকুমা। টিকা নিয়ে তাঁর মধ্যে কোনও শারীরিক অস্বস্তি দেখা যায়নি বলেই খবর। বৃদ্ধার নাম যদিও সামনে আনা হয়নি, তবে বলা হয়েছে টিকার ডোজ নিয়ে তিনি দিব্যি সুস্থ ও স্বাভাবিক আছেন।
সুইৎজারল্যান্ডের লুসার্নেতে টিকাকরণ শুরু করেছে মার্কিন ফার্মা জায়ান্ট ফাইজার ও জার্মান বায়োটেকনোলজি রিসার্চ সেন্টার বায়োএনটেক। ২৬টি সুইস ক্যান্টনে টিকা দেবে ফাইজার। লুসার্নে কিছুটা প্রত্যন্ত এলাকায়। স্বাস্থ্য দফতর জানাচ্ছে, ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও প্রবীণদের আগে টিকার ইঞ্জেকশন দেওয়া হবে। এর পরে কোমর্বিডিটির রোগী ও বাকিদের টিকাকরণ হবে। ৭০ বছর থেকে ৯০ বছর বা তার বেশি বয়সীদেরও টিকা দেবে ফাইজার। নার্সিং ও কেয়ার হোমে যে বয়স্করা থাকেন তাঁরা টিকার অগ্রাধিকার পাবেন।
প্রথম যে বৃদ্ধা টিকা নিলেন তিনি লুসার্নের একটি কেয়ার হোমে থাকেন। এই কেয়ার হোমের বয়স্কদেরও টিকার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছে ফাইজার। ইতিমধ্যেই এক লক্ষের বেশি টিকার ডোজ বিতরণ করা হচ্ছে সুইস ক্যান্টনগুলিতে। লক্ষাধিক মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা আছে ফাইজারের। জুরিখে টিকাকরণ শুরু হবে ৪ জানুয়ারি থেকে।
জার্মান বায়োটেকনোলজি ফার্ম বায়োএনটেক এসই-র সঙ্গে যৌথ উদ্যোগে কোভিড ভ্যাকসিন বানিয়েছে ফাইজার। মোডার্নার মতোই বার্তাবহ আরএনএ বা মেসেঞ্জার আরএনএ সিকুয়েন্সকে কাজে লাগিয়ে টিকা তৈরি করা হয়েছে। আরএনএ ভ্যাকসিন ক্যানডিডেটের নাম BNT162। এই ভ্যাকসিন দেহকোষকে ভাইরাল প্রোটিন তৈরিতে বাধ্য করে যাতে তার প্রতিরোধী অ্যান্টিবডি শরীরেই তৈরি হয়ে যায়। অর্থাৎ টিকা শরীরে ঢুকলে করোনার স্পাইক প্রোটিনের নকল করবে। তখন দেহের ইমিউন কোষগুলি যথা বি-লিম্ফোসাইট কোষ ও টি-কোষ এর প্রতিরোধে সুরক্ষা কবচ তৈরি করবে। বি-কোষ বিভাজিত হয়ে প্লাজমা বা রক্তরসে অ্যান্টিবডি তৈরি করবে এবং ঘাতক টি-কোষ সক্রিয় হয়ে সংক্রামিত কোষ সমেত ভাইরাসকে নির্মূল করবে।
ফাইজার জানিয়েছে তাদের টিকা ৯৫ শতাংশ কার্যকরি। প্রবীণদের শরীরেও বেশ ভাল কাজ করছে এই টিকা। ব্রিটেন, আমেরিকা, সিঙ্গাপুরে টিকাকরণ শুরু করে দিয়েছে ফাইজার। দুবাইতে বিনামূল্যে ফাইজারের টিকার বিতরণ শুরু হয়েছে।