
ফাইল ছবি।
শেষ আপডেট: 23 November 2024 09:53
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে ৬ দিন পর শনিবার থেকে মুর্শিদাবাদ জেলায় চালু হল ইন্টারনেট পরিষেবা। এদিন সকাল থেকেই হরিহরপাড়া-সহ গোটা মুর্শিদাবাদ জেলায় স্বাভাবিক হয়েছে ইন্টারনেট পরিষেবা। তবে বেলডাঙার এখনও পুলিশি টহলদারি চলছে।
গত রবিবার থেকে মুর্শিদাবাদ জেলা জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল। নেট পরিষেবা বন্ধ থাকায় চূড়ান্ত হয়রানির শিকার হতে হয় মুর্শিদাবাদবাসীকে। পড়ুয়া থেকে শুরু করে ব্যবসায়ী, সবাইকেই নাকাল হতে হচ্ছিল। নেট না থাকায় ব্যবসায়ীরা যেমন অনলাইন লেনদেন করতে পারছিলেন না তেমনই কলেজে ভর্তি হতে সমস্যা হচ্ছে পড়ুয়াদের। যে কারণে মুর্শিদাবাদ ছেড়ে অন্য জেলায় যেতে হচ্ছিল তাঁদের।
বিপদে পড়েছিলেন রোগীরাও। ইন্টারনেট না থাকার কারণ দেখিয়ে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা মিলছিল না। যার জেরে বন্ধ হয়ে গিয়েছিল অপারেশনের কাজও। পাশাপাশি ব্লাড ব্যাঙ্ক থেকে রক্তও মিলছিল না বলে খবর। সব মিলিয়ে পরিস্থিতি শান্ত করতে গিয়ে নয়া সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল মুর্শিদাবাদের মানুষকে। অবশেষে ইন্টারনেট পরিষেবা চালু হওয়ায় স্বস্তিতে জেলাবাসী।
১৬ নভেম্বর দুটি গোষ্ঠীর সংঘর্ষে অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল মুর্শিদাবাদের বেলডাঙা। যার জেরে গোটা মুর্শিদাবাদ জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছিল প্রশাসন। এদিকে হিংসার ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। পুলিশের তরফে দাবি করা হয়েছে এই মুহূূর্তে বেলডাঙার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।