দ্য ওয়াল ব্যুরো : বৃহস্পতিবার ছিল 'বিশ্ব অনুবাদ দিবস' 'world translation day'। সেই উপলক্ষে বক্তব্য পেশ করেছেন তিন অনুবাদক, শ্রীনাথ পেরুর, অনামিকা ও রঞ্জিত হোসকোটে। তাঁদের মতে, কোভিড অতিমহামারীর সময়েই অনুবাদ সাহিত্যের প্রয়োজন সবচেয়ে বেশি। কারণ সারা বিশ্বের মানুষ এখন পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছে। এইসময় বিভিন্ন ভাষার পাঠককে কাছাকাছি আনতে পারে অনুবাদ শিল্প। সাংস্কৃতিক বিনিময়ের বড় মাধ্যম হয়ে উঠতে পারেন অনুবাদকরা।
দিল্লিবাসী কবি তথা অনুবাদক অনামিকা বলেন, "ভিন্ন সংস্কৃতির সঙ্গে বন্ধুত্ব করতে হলে অনুবাদ ছাড়া উপায় নেই।" দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অনামিকা বলেন, ভিনদেশি কবিদের রচনার হিন্দি অনুবাদ তিনি ক্লাসে পড়ে শোনান। তাতে ছাত্রছাত্রীরা আনন্দ পায়। অনামিকার কথায়, "হিন্দি অনুবাদে পশ্চিম এশিয়া, সাহারা মরুভূমির নিকটবর্তী নানা দেশ, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং লাতিন আমেরিকার বিভিন্ন দেশের কবিতা আমাদের ছেলেমেয়েরা পাঠ করে। এসম্পর্কে শিক্ষকদের নানা প্রশ্ন করে।" অধ্যাপিকার মতে, নানা অজানা দেশের সাহিত্য ও জীবনচর্যাকে মাতৃভাষার মাধ্যমে জানতে হলে অনুবাদ ছাড়া উপায় নেই।
অনামিকা বলেন, একসময় নতুন বউ যখন শ্বশুরবাড়ি যেত, তার সঙ্গে যেতেন বয়স্ক কোনও মহিলা। তিনি নতুন বউকে অজানা একটি পরিবারে মানিয়ে নিতে সাহায্য করতেন। অনুবাদ সাহিত্যও ওই প্রবীণার মতো ভূমিকা পালন করে।
চলতি বছরে সাহিত্য আকাদেমি থেকে সেরা অনুবাদক হিসাবে পুরস্কার পেয়েছেন শ্রীনাথ পেরুর। তিনি অনুবাদ করেছিলেন বিবেক শানবাগের উপন্যাস 'ঘাচর ঘোচর'। তাঁর কথায়, "নতুন কোনও বই পেলে আমি প্রথমে তার কয়েক পাতা বারবার পড়ি। তারপর আমি ভেতর থেকে একটা কণ্ঠস্বর শুনতে পাই। সেই কণ্ঠস্বর আমাকে বাকি বইটা বুঝতে সাহায্য করে।" শ্রীনাথের মতে, অনুবাদ করতে গিয়ে তিনি লেখকের সত্ত্বার সঙ্গে অনেকাংশে মিশে যান। তাঁর মতে, কোনও অভিনেতা যখন একটি চরিত্র ফুটিয়ে তোলেন, তখন তাঁরও একই অভিজ্ঞতা হয়।
কর্নাটকের সাহিত্যিক বিবেক শানবাগের লেখা অনুবাদ সম্পর্কে শ্রীনাথ বলেন, "কন্নড় ভাষায় ক্রিয়াপদ থাকে বাক্যের শেষে। কিন্তু ইংরেজিতে ভার্ব থাকে বাক্যের মাঝামাঝি। কোনও দীর্ঘ ও জটিল কন্নড় বাক্য ইংরেজিতে অনুবাদ করা বেশ কঠিন কাজ।"
লেখক তথা অনুবাদক রঞ্জিত হোসকোটে বলেন, 'মূল লেখাটিকে নতুন ভাষায় জীবন্ত করে তুলতে হবে।'
অনুবাদকদের প্রশ্ন করা হয়, আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স কি আগামী দিনে অনুবাদকের জায়গা নেবে? পেরুর বলেন, কোনও লেখাকে অনুবাদ করতে হলে সংবেদনশীলতা প্রয়োজন। যন্ত্রের কাছ থেকে সংবেদনশীলতা আশা করা যায় না।