দ্য ওয়াল ব্যুরো: আমেরিকায় ফাইজারের মতো মোডার্নাও করোনার টিকা নিয়ে আসার তোড়জোড় করছে। এ বছর ডিসেম্বরের মধ্যেই মোডার্না টিকা আনতে পারে এমন সম্ভাবনার কথাও শোনা গিয়েছে। টিকার সম্ভাব্য কত হতে পারে এবার ঘোষণা করল আমেরিকার অন্যতম বৃহত্তর এই ভ্যাকসিন নির্মাতা সংস্থা। প্রাথমিকভাবে যে দাম ধার্য হয়েছে তা পরে কমানো হতে পারে বলেও দাবি করা হয়েছে।
করোনা টিকার একটি ডোজের দাম পড়বে ২৫ থেকে ৩৭ মার্কিন ডলার, অর্থাৎ ভারতীয় টাকায় ১৮০০ থেকে ২৭০০ টাকার মধ্যে। সংস্থার সিইও স্টিফেন ব্যানসেল বলেছেন, ইউরোপিয়ান দেশগুলি মোডার্নার ভ্যাকসিনের জন্য প্রস্তাব পাঠিয়ে রেখেছে। টিকার দাম নিয়ে আলোচনা চলছে ইউরোপিয়ান কমিশনের সঙ্গে। তাদের তরফে টিকার ডোজের দাম ২৫ ডলারের নিচে রাখতে বলা হয়েছে।
ভারতে অক্সফোর্ডের টিকার দুটি ডোজের দাম হাজার টাকার মধ্যে থাকবে বলেই ঘোষণা করেছেন সেরাম ইনস্টিটিউটের কর্ণধার আদর পুনাওয়ালা। সাধারণ মানুষের কাছে যাতে টিকা পৌঁছতে পারে সেভাবেই দাম ঠিক করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। ফাইজার এখনও টিকার সম্ভাব্য দাম সামনে আনেনি। তবে ডিসেম্বরের মধ্যেই ফাইজারের টিকার দাম ঘোষণা করে হবে বলে ইঙ্গিত দিয়েছেন সংস্থার প্রধান অ্যালবার্ট বোরলা।
টিকা ৯৪ শতাংশ কার্যকরী হয়েছে বলেই দাবি করেছে মোডার্না। তৃতীয় পর্বের চূড়ান্ত ট্রায়ালের ফল সামনে এনে সংস্থার তরফে জানানো হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে ৩০ হাজারের বেশি জনকে টিকার ইঞ্জেকশন দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবকদের শরীরে টিকার ডোজ অ্যান্টিবডি তৈরি করেছে। ৫০ বছরের বেশি বয়সীদের শরীরেও টিকার ডোজে পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি হচ্ছে। কিছু ক্ষেত্রে এমনও দেখা গেছে, কমবয়সীদের থেকেও কয়েকজন প্রবীণ স্বেচ্ছাসেবকের শরীরে ভাইরাস প্রতিরোধী অ্যান্টিবডির সংখ্যা অনেক বেশি। যার অর্থ হল, শক্তিশালী রোগ প্রতিরোধ গড়ে উঠেছে বয়স্কদের মধ্যেও। ভ্যাকসিন ট্রায়ালের যেটা অন্যতম বড় ইতিবাচক দিক।
ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকসিয়াস ডিজিজের ডিরেক্টর এবং হোয়াইট হাউসের মুখ্য স্বাস্থ্য উপদেষ্টা এপিডেমোলজিস্ট অ্যান্থনি ফৌজির তত্ত্বাবধানে এমআরএনএ ভ্যাকসিন বানিয়েছে মোডার্না। এই গবেষণায় রয়েছেন এনআইএইচের অধীনস্থ ভ্যাকসিন রিসার্চ সেন্টারের (VRC)বিজ্ঞানীরা। সুইৎজারল্যান্ডের অন্যতম বড় ভ্যাকসিন ও ওষুধ নির্মাতা সংস্থা লোনজ়া গ্রুপ এজির সঙ্গে ১০ বছরের চুক্তিও হয়েছে মোডার্নার। সিইও স্টিফেন জানিয়েছেন, এ বছরের শেষেই টিকার ২-৫ কোটি ডোজ চলে আসতে পারে আমেরিকার বাজারে। আগামী বছর আরও ৩০ কোটি ডোজ নিয়ে আসার পরিকল্পনা হয়েছে।
মোডার্না টিকার সাফল্য ঘোষণার পরেই ৫০ লাখ ডোজের জন্য প্রস্তাব পাঠিয়ে দিয়েছে ব্রিটেন। স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, প্রাথমিক পর্যায়ে ৫০ লাখ ডোজের জন্য অর্ডার দেওয়া হয়েছে। এর আগে ফাইজারের টিকার জন্য চুক্তি করেছিল ব্রিটেন সরকার। হ্যানকক বলেছেন, ফাইজারের টিকার ৩৫ লাখ ডোজের জন্য প্রস্তাব পাঠানো হয়েছিল। আরও ৬টি ফার্মাসিউটিক্যাল কোম্পানির টিকাও কিনবে ব্রিটেন।