
শেষ আপডেট: 21 May 2019 18:30
ম্যাকডোনাল্ডসের মহিলাদের সমর্থনে পাশে এসে দাঁড়িয়েছে আমেরিকান সিভিল লিবারটিস ইউনিয়ন। সংগঠনের তরফে জানানো হয়েছে ম্যাকডোনাল্ডসে #মিটু অভিযোগ এই প্রথম নয়, আগেও অনেকবার কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। তবে এ বার সমস্ত অভিযোগ বাইরে এনে সার্বিক ভাবে প্রতিবাদ শুরু করেছেন মহিলারা। সংস্থার গ্রপ ফোর স্টাফ থেকে ম্যানেজার র্যাঙ্ক, অভিযোগ রয়েছে যে কোনও পদের মহিলারই।
নিউ অরলিয়্যান্সে ম্যাকডোনাল্ডসের এক মহিলা কর্মচারীর দাবি, দিনের পর দিন তাঁর ম্যানেজার যৌন সম্পর্ক স্থাপনের ইঙ্গিত দিয়ে যাচ্ছেন। না শুনলে চাকরি থেকে বহিষ্কার করার ভয়ও দেখাচ্ছেন। একই অভিযোগ শিকাগোর এক মহিলা কর্মচারীরও। তাঁর কথায়, “আমাকে কিছুদিন আগেই চাকরি থেকে বরখাস্ত করা হয়, কারণ আমি ম্যানেজারের নামে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলাম। অফিসের মধ্যেই আমাকে স্ট্রিপ করতে বলা হয়েছিল, যেটা আমি শুনিনি।”
স্যানফোর্ডের ম্যাকডোনাল্ডসের ম্যানেজার পদে রয়েছেন জামেলিয়া ফেয়ারলি। তাঁর দাবি, “দিনের পর দিন বস আমাকে হেনস্থা করে যাচ্ছেন। নানা ভাবে আমার শরীর ছোঁয়ার চেষ্টা করেন তিনি, যৌন ইঙ্গিতপূর্ণ কথা বলেন। প্রতিবাদ করলে হুমকি দেন।”
তবে যৌন হেনস্থার এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে ম্যাকডোনাল্ডস। এসিএলইউ মহিলা অধিকার সুরক্ষা কমিশনের অ্যাটর্নি গিলিয়ান টমাসের কথায়, সমস্ত অভিযোগ, দাবি নস্যাৎ করে দিয়েছেন সংস্থার কর্তৃপক্ষরা। তাদের তরফে বলা হয়েছে, সংস্থার নাম খারাপ করার জন্যই এমন চক্রান্ত। তবে কোম্পানির শেয়ারহোল্ডারদের ডেকে নতুন করে অভিযোগ দায়ের হয়েছে বলে জানিয়েছেন গিলিয়ান। তাঁর দাবি, আমেরিকার এই ঘটনা সামনে এসেছে, বিশ্বের নানা প্রান্তে ম্যাকডোনাল্ডসের শাখায় এমন ঘটনা ঘটে চলেছে কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে।
আমেরিকায় প্রায় ১৪,০০০ আউটলেট রয়েছে ম্যাকডোনাল্ডসের। তার মধ্যে হাজারের বেশি কর্পোরেট অফিস। সব মিলিয়ে সাড়ে আট লক্ষেরও বেশি কর্মচারী। ২০১৬ সালের একটি সরকারি সমীক্ষায় দেখা গিয়েছিল, সংস্থার ৪০ শতাংশ কর্মচারীরা যৌন হেনস্থার অভিযোগ মেনে নিয়েছিলেন। ২০ শতাংশের দাবি ছিল তাঁদের কাজের সময় যখন তখন পরিবর্তন করা হয়, ইচ্ছা করেই বেতন বাড়ানো হয় না। এই সমস্ত অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিল সংস্থার কর্তৃপক্ষ। সেই সমস্যার সমাধান তো হয়নি, উপরন্তু নতুন করে #মিটু অভিযোগ সামনে আসায় রীতিমতো অস্বস্তিতে ম্যাকডোনাল্ডস।