দ্য ওয়াল ব্যুরো: সোমবার রাত থেকে ফের অসুস্থ হয়ে পড়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় লাহোরের কোট লাখপত জেল থেকে তাঁকে স্থানান্তরিত করা হয়েছে লাহোর সার্ভিস হাসপাতালে। এর মধ্যে বাবাকে দেখতে হাসপাতালে গিয়ে নিজেও অসুস্থ হয়ে পড়েন নওয়াজ-কন্যা মরিয়ম। গতকাল বুধবার রাতে তাঁকে ভর্তি করা হয় একই হাসপাতালে।
হাসপাতাল সূত্রে খবর, মরিয়মের রক্তচাপ কমে গেছে। তাঁর শরীর খুব দুর্বল। ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আল আজিজিয়া স্টিল মিল দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর নেতা নওয়াজ শরিফ। দুর্নীতির টাকায় সৌদি আরবে তেলের মিল খোলার অভিযোগ সত্য প্রমাণিত হয় আদালতে। তার জেরে গত বছর ২৪ ডিসেম্বর ৭ বছরের সাজা হয় তাঁর। বর্তমানে তাঁকে রাখা হয়েছে লাহোরের কোট লাখপত জেলে।
নওয়াজকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে বলে বহুবার দাবি করেন তাঁর মেয়ে মরিয়ম নওয়াজ। তাঁর দাবি ছিল, নওয়াজের বিরুদ্ধে দুর্নীতি, আর্থিক তছরুপ এবং বেআইনি লেনদেনের কোনও প্রমাণ মেলেনি। বিচার প্রক্রিয়ার সঙ্গে আপস করা হয়েছে। চাপের মুখে পড়ে শাস্তি দেওয়া হয়েছে তাঁর বাবাকে।
চলতি বছর জানুয়ারিতে জেলেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। সেই সময় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে নওয়াজ-কন্যা মরিয়ম দাবি করেন, জেল হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না তাঁর বাবা। তাঁর হৃদপিণ্ডে রক্তপ্রবাহ কমে গেছে। বুকে ও হাতে অসহ্য যন্ত্রণাও রয়েছে। সোমবার ফের তিনি অসুস্থ হয়ে পড়লে মরিয়ম দাবি করেন, সঠিক চিকিৎসা পরিষেবা তো দূর, তাঁকে বাবার সঙ্গে ঠিকমতো কথা বলতেও দেওয়া হয়নি। মরিয়ম জানান, জটিল শারীরিক সমস্যা রয়েছে তাঁর বাবার। ব্যক্তিগত চিকিৎসকরা সে ব্যাপারে অবগত। কিন্তু বাবার কাছে তাঁর ব্যক্তিগত চিকিৎসকদের পৌঁছতে দেওয়া হচ্ছে না।
জেল কর্তৃপক্ষ নওয়াজের অসুস্থতার কথা মেনে নিয়েছেন। তবে চিকিৎসা পরিষেবা না দেওয়ার অভিযোগ উড়িয়ে দেন তাঁরা। একটি বিবৃতি জারি করে বলা হয়, জেলের চিকিৎসকরা নওয়াজ শরিফের শারীরিক অবস্থার দিকে নজর রেখেছেন। সব কিছু পরীক্ষা করে দেখা হয়েছে। তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়েছে।
https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%89%e0%a6%aa%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a5-%e0%a6%93-%e0%a6%a4%e0%a7%8e%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%be/