
শেষ আপডেট: 10 May 2019 18:30
জাপানের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই বুলেটের অন্দরমহলের সাজসজ্জা নাকি চমকে দেওয়ার মতো। সাধারণ ভাবে এর গতি থাকবে ঘণ্টায় ৩৬০ কিলোমিটার। সর্বোচ্চ গতি ছোঁবে ৪০০ কিলোমিটার প্রতি ঘণ্টা। ট্রায়ালের সময় এই গতিতেই ছোটান হবে ট্রেন। শনিবার মধ্যরাতে জাপানের সেন্দাই থেকে আওমোরি শহরের মধ্যে পরীক্ষামূলক ভাবে চালানো হবে ট্রেনটি। সরকারি ভাবে যাত্রীদের নিয়ে আলফা-এক্স ছুটবে ২০৩০ সালে।
সূত্রের খবর, এখনও পরীক্ষার স্তরেই থাকবে এই বুলেট ট্রেন। প্রতি সপ্তাহে অন্তত দু’বার করে ট্রায়াল দেওয়া হবে এই ট্রেনকে। এমনকি সব ঠিক থাকলে আগামী বছরেও পুরোদমে যাত্রা শুরু করতে পারে আলফা-এক্স। জানা গেছে, এন৭০০এস সিরিজের বুলেট ট্রেনকেও ছাপিয়ে যাবে এই আলফা-এক্স।
জাপানে নানা রুটে, নানা গতির বুলেট ট্রেন চলে। জাপানে বুলেট ট্রেনকে বলে ‘শিনকানশেন’। কথাটার অর্থ ‘নতুন ট্রাঙ্ক লাইন’। জাপানে প্রথম বুলেট ট্রেনের সূচনা হয় ১৯৬৪ সালে। স্ট্যান্ডার্ড গেজের (চার ফুট সাড়ে আট ইঞ্চি) লাইনের উপর দিয়ে চলে এই ট্রেন। যত দিন যাচ্ছে, গতি আর প্রযুক্তির আধুনিকতা বদলাচ্ছে। জাপানের বুলেট ট্রেনও এখন অনেক বেশি আধুনিক ও দ্রুত গতির। এই ট্রেনের জন্য ফি বছর গোটা জাপানে কয়েক কোটি টন কার্বন-দূষণ এড়ানো সম্ভব হয়।