দ্য ওয়াল ব্যুরো: রোহিঙ্গা সমস্যা নিয়ে ভারত-মায়ানমার দুই দেশের বিদেশসচিব পর্যায়ের বৈঠক হয়েছে। একাধিক উন্নয়নমূলক প্রকল্প নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। এর মধ্যেই কোভিড সংক্রমণ নিয়ন্ত্রণে প্রতিবেশী দেশকে সাহায্য করতে তৎপর হল ভারত। মায়ানমার নেত্রী আউং সান সু কি-র হাতে তিন হাজার ভায়াল রেমডেসিভির তুলে দিলেন ভারতের সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে এবং বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা।
দু’দিনের সফরে মায়ানমারে গিয়েছিলেন সেনাপ্রধান ও বিদেশসচিব শ্রিংলা। প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পর্কিত বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। মায়ানমারে ভারতীয় দূতাবাস থেকে টুইট করে জানানো হয়, কোভিড পরিস্থিতি নিয়েও সু কি-র সঙ্গে বৈঠক হয়েছে শ্রিংলার। করোনার ওষুধ অ্যান্টি-রেট্রোভিয়াল রেমডেসিভিরের প্রায় তিন হাজার ভায়াল তুলে দেওয়া হয়েছে তাঁর হাতে।
ভারতে করোনা চিকিৎসায় রেমডেসিভির ওষুধ প্রয়োগের ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এই অ্যান্টি-রেট্রোভিয়াল ওষুধের থেরাপির সুফলের খবরও মিলেছে। আমেরিকায় এই ওষুধের সবচেয়ে বেশি প্রয়োগ হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা সংক্রমণ ধরা পড়ার পরে তাঁকেও এই ওষুধের থেরাপিতেই রাখা হয়েছিল। মায়ানমারে করোনা সংক্রমণ বাড়ছে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় ইন্দোনেশিয়া ও ফিলিপিন্সের পরেই সংক্রমণের নিরিখে রয়েছে মায়ানমার। সেখানকার ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, এই পরিস্থিতিতে ভারতের দেওয়া রেমডেসিভির ওষুধ পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করবে তাই নয়, পাশে থাকার বার্তাও দেবে।
করোনা পরিস্থিতিতে একাধিক প্রতিবেশী দেশের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। কোথাও পাঠানো হয়েছে পিপিই কিট থেকে সুরক্ষার সরঞ্জাম, আবার কোথাও করোনার ওষুধ। চিনের সঙ্গে সীমান্ত সংঘাতের আবহেই পড়শি দেশ বাংলাদেশের সঙ্গেও সম্পর্কের উন্নতিতে জোর দিয়েছে ভারত। সম্প্রতি বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা ঢাকা সফরে দুই দেশের সম্পর্কে গতি আনার চেষ্টা করেছেন। করোনার টিকা নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনাও চলছে। ভারত জানিয়েছে, অগ্রাধিকারের ভিত্তিতে বাংলাদেশকেই প্রথম টিকা পাঠানো হবে। শ্রিংলা জানান, বিশ্বের ৬০ শতাংশ ভ্যাকসিনই তৈরি হয় ভারতে। তাই করোনার টিকা তৈরি হলে প্রতিবেশী দেশগুলিকে তা সরবরাহ করতে কোনও কার্পণ্য করবে না ভারত। কোভিড পরিস্থিতিতেও পড়শি দেশগুলির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে।