দ্য ওয়াল ব্যুরো: ক্যানসারের চিকিৎসার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এখন রয়েছেন নিউ ইয়র্কে। গত ১৪ জানুয়ারি তিনি ‘ব্যক্তিগত কারণে’ মার্কিন মুলুকে রওনা হওয়ার পরপরই দ্য ওয়ালে লেখা হয়েছিল, সম্ভবত চলতি সরকারের শেষ বাজেট আর পেশ করতে পারবেন না জেটলি। কারণ, তাঁর চিকিৎসার জন্য সময় লাগবে।
হলও তাই। বুধবার রাতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিলেন, রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে অর্থমন্ত্রক এবং কর্পোরেট বিষয়ক মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দিয়েছে সরকার।
১ ফেব্রুয়ারি সংসদে অন্তর্বর্তী বাজেট পেশ করবে মোদী সরকার। যা কিনা ভোটের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। সুতরাং মোদী সরকারের চলতি মেয়াদের ওই অন্তিম বাজেট পেশ করবেন পীযূষ গোয়েলই।
দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে গত বছর সফল কিডনি প্রতিস্থাপন হয়েছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তার পর বেশ কয়েক মাস বাড়িতে বিশ্রামে ছিলেন তিনি। কিন্তু সম্প্রতি জেটলির থাইয়ে সফ্ট টিস্যু ক্যানসার ধরা পড়েছে। যা এক প্রকার টিউমারের মতো। এবং যা দ্রুত সারা শরীরে ছড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
আদৌ জেটলির শরীরে এখনই অস্ত্রোপচার করা হবে নাকি কেমোথেরাপির মাধ্যমে চিকিৎসা হবে, সে ব্যাপারে কিছু জানা যায়নি। কারণ, চিকিৎসকদের অনেকের মতে, সবে কিডনি প্রতিস্থাপন হয়েছে। তার পর আরও একটি অস্ত্রোপচারের ধাক্কা শরীর নিতে পারবে কিনা সেটা দেখতে হবে। কিডনির উপর কেমোথেরাপির কতটা চাপ পড়তে পারে তাও দেখা দরকার।
তবে চিকিৎসকরা শুরু থেকেই বলছিলেন, যে পদ্ধতিতেই চিকিৎসা চলুক না কেন, সময় লাগবে। তাই বাজেটের আগে দেশে ফেরা একপ্রকার মুশকিল।
এর আগে কিডনি প্রতিস্থাপনের জন্য জেটলি যখন বিশ্রামে ছিলেন, তখন অর্থ মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব সামলেছিলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। এ বারও তাঁর উপরেই ভরসা রাখলেন প্রধানমন্ত্রী।
পর্যবেক্ষকদের মতে, ভোটের আগে ভোট অন অ্যাকাউন্ট রাজনৈতিক ভাবে মোদী সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষকদের ব্যাঙ্কের মাধ্যমে বিনা সুদে ঋণ দেওয়া থেকে শুরু করে আয়করের ঊর্ধ্বসীমা বাড়ানোর মতো একাধিক জনমুখী প্রকল্প ঘোষণা করতে পারে সরকার। সেখানে জেটলি না থাকতে পারলে তা নিঃসন্দেহে কেন্দ্রীয় সরকারের কাছে বড় ধাক্কা।