দ্য ওয়াল ব্যুরো: আমেরিকায় টিকাকরণ শুরু করেছে ফাইজার। ডিসেম্বরের মধ্যেই ২ কোটি আমেরিকাবাসীকে টিকা দেওয়ার বৃহত্তর পরিকল্পনা রয়েছে। কিন্তু করোনার প্রতিষেধক নিয়ে এখনও অনিশ্চয়তায় নাগরিকদের একটা বড় অংশ। টিকার পার্শ্বপ্রতিক্রিয়াও ভাবাচ্ছে অনেককে। তাঁদের ভয় কাটাতে এগিয়ে এলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রকাশ্যে সকলের সামনেই খুব তাড়াতাড়ি টিকা নেবেন বলে ঘোষণা করেছেন বাইডেন।
আমেরিকায় কোভিড টিকা বিতরণের দায়িত্বে রয়েছে সে দেশের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিস (এনআইএআইডি)। কতজনকে টিকা দেওয়া হবে, টিকার বন্টন হবে কোন কোন রাজ্যে সবটাই ঠিক করছেন মার্কিন এপিডেমোলজিস্ট এ এনআইএআইডির ডিরেক্টর ডক্টর অ্যান্থনি ফৌজি। বাইডেন বলেছেন, তাঁর শরীর-স্বাস্থ্য খতিয়ে দেখেই টিকা নেওয়ার অনুমতি দেবেন ফৌজি। সকলের সামনে প্রকাশ্যেই টিকা নেবেন তিনি।
ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকাকালীনই আমেরিকার কোভিড পরিস্থিতি ভয়ঙ্কর আকার নিয়েছিল। প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পর এই পরিস্থিতি সামালানোই বাইডেনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন আগেই বাইডেন ঘোষণা করেছিলেন, বাজারে ভ্যাকসিন এলেও তা বাধ্যতামূলক নয়। জোর করে টিকা দেওয়া হবে না। বিষয়টা দেশবাসীর ইচ্ছা-অনিচ্ছার উপরে ছেড়ে দিয়েছিলেন তিনি। যদিও করোনা সংক্রমণ ঠেকাতে ভ্যাকসিন নেওয়ার জন্য আমেরিকাবাসীকে লাগাতার উৎসাহিত করছেন বাইডেন।
৭৮ বছরের প্রেসিডেন্ট বলেছেন, প্রতিষেধক যে নিরাপদ তা প্রমাণ হওয়া দরকার। দরকার পড়লে ক্যামেরার সামনেও প্রতিষেধক নিতে তিনি তৈরি। সে ভিডিও ছড়িয়ে দেওয়া হবে সাংবাদমাধ্যমগুলিতে। আমজনতা যাতে বুঝতে পারেন টিকা নিরাপদ এবং জরুরি। করোনা টিকার প্রচারে আগ্রহ দেখিয়েছেন অন্য তিন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টও, বিল ক্লিন্টন, জর্জ বুশ ও বারাক ওবামা। তিনজনেই জানিয়েছেন, প্রকাশ্যে করোনার টিকা নিতে কোনও আপত্তি নেই তাঁদের। বরং সকলের সামনে টিকা নিয়ে দেশবাসীকে উৎসাহিত করতে চান তাঁরা। ভয় দূর করাই লক্ষ্য। তাহলেই করোনা অতিমহামারী ঠেকানো সম্ভব হবে।
গত রবিবার থেকেই ফাইজারের টিকার বিতরণ শুরু হয়ে গেছে আমেরিকায়। ইতিমধ্যেই ২ লক্ষের বেশি টিকার ভায়াল পৌঁছে গেছে হাসপাতালগুলিতে। এয়ার ট্রান্সপোর্টে মিশিগানে পৌঁছে গেছে টিকা। মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, একদিকে টিকার শিপমেন্ট চলবে, অন্যদিকে হাসপাতালগুলিতে টিকা দেওয়ার কাজ চলবে। স্যান্ড্রা লিন্ডসে নামে এক কৃষ্ণাঙ্গী নার্সকে প্রথম টিকা দেওয়া হয়েছে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রনী ভূমিকা নিয়েছেন নিউ ইয়র্কের কোভিড সেন্টারের এই ক্রিটিকাল কেয়ার নার্স।
মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কমিশনার স্টিফেন হান জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যেই আমেরিকায় প্রায় ২ কোটি মানুষকে টিকার ডোজ দেওয়া হবে। সবচেয়ে আগে বয়স্ক ও কো-মর্বিডিটির রোগীদের টিকা দেওয়া হবে। ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরাও থাকবেন অগ্রাধিকারের তালিকায়। বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের ঘনিষ্ঠদেরও আগে টিকা দেওয়া হবে। তাছাড়া হোয়াইট হাউসের কিছু স্টাফ থাকবেন টিকার অগ্রাধিকারের তালিকায়।