দ্য ওয়াল ব্যুরো: ইস্টার রবিবারের ধারাবাহিক বিস্ফোরণের পর অশান্ত শ্রীলঙ্কা। উত্তেজনার আবহেই ফের সংঘর্ষে জড়িয়ে পড়ল স্থানীয় মুসলিম ও ক্যাথলিক সম্প্রদায়ের কিছু মানুষ। আগুন লাগিয়ে, ভেঙেচুরে তছনছ করা হলো মুসলিমদের দোকান, জ্বালিয়ে দেওয়া হলো অটোরিক্সা। রণক্ষেত্রে পরিণত হলো কলম্বোর পরুটোটা ্গ্রাম।
পুলিশ জানিয়েছে, গণ্ডগোলের সূত্রপাত বুধবার বিকেলের দিকে। স্থানীয় এক অটোরিক্সা চালকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এলাকারই ক্যাথলিক সম্প্রদায়ের কিছু মানুষ। ওই রিক্সাচালক মুসলিম ছিলেন, তাই কথায় কথায় বিস্ফোরণ ও সন্ত্রাসের প্রসঙ্গ ওঠে। অশান্তি আরও বাড়ে। খ্রিষ্টানদের সমর্থনে জড়ো হন আরও লোকজন। কিছু সময় পরে ওই রিক্সাচালককে ঘিরে ছোটখাটো একটা ভিড় জমে যায়। কথা কাটাকাটি হাতাহাতির পর্যায়ে গিয়ে দাঁড়ায়। মুসলিম ওই ব্যক্তিকে বেধড়ক মারধর করা হয়, তার রিক্সায় আগুন জ্বালিয়ে দিয়ে উত্তেজিত জনতা চড়াও হয় এলাকার অন্য মুসলিম দোকানগুলিতে।
প্রত্যক্ষদর্শীদের কথায়, গ্রামের বেশ কয়েকটি দোকানে ভাঙচুর চালান হয়েছে। আগুন লাগিয়ে দেওয়া হয়েছে মুসলিমদের দু'টি দোকানে। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় মানুষ। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে ঘটনায় সাম্প্রদায়িক সংঘর্ষের বিষয়টা এড়িয়ে গেছে পুলিশ। শ্রীলঙ্কা পুলিশের মুখপাত্র রুয়ান গুনশেখরা জানিয়েছেন, কিছু মদ্যপ লোকজন উত্তেজনার বশে এমন কাণ্ড ঘটিয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে।
কলম্বোর আর্চবিশপ কার্ডিনাল ম্যালকম রঞ্জিত জানিয়েছেন, গত ২১ এপ্রিল বিস্ফোরণের পর উত্তেজনার আঁচ এখনও কমেনি। তাঁর কথায়, "ভাবতে অবাক লাগে মানুষ মাঝে মাঝে পশুর মতো আচরণ করে। আমি ক্যাথলিকদের সাবধান করেছি মুসলিমদের কোনও ভাবে বিব্রত না করতে। কারণ ওই ঘটনার জন্য দায়ী সন্ত্রাসবাদীরা, মুসলিম ধর্ম সেখানে কোনও দোষ করেনি।"