দ্য ওয়াল ব্যুরো: মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে উঠল কাবুলের প্রাণকেন্দ্র। ভারতীয় সময় শনিবার সকালে কাবুলের গ্রিন জোন এলাকায় ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুপুর দেড়টা পর্যন্ত জানা গিয়েছে এই হামলায় আট জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন অসংখ্য। তাঁদের স্থানীয় হাসপাতলে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে খবর।
রকেট হামলা হয়েছে বলেও জানা গিয়েছে। বেশ কয়েকটি বাড়ির দেওয়ালে যে ধরনের গর্ত হয়েছে তা দেখেই মনে করা হচ্ছে রকেট হামলা চালানো হয়েছে। একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। লণ্ডভণ্ড অবস্থা গ্রিন জোনের।
সেন্ট্রাল কাবুলের এই এলাকাতেই রয়েছে একাধিক দেশের দূতাবাস। তাছাড়া অসংখ্য বিদেশি সংস্থার দফতর রয়েছে গ্রিন জোনে। এই হাইপ্রোফাইল এলাকাতেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এমন সময় এই ঘটনা ঘটেছে যা আন্তর্জাতিক প্রেক্ষাপটে তাত্পর্যপূর্ণ। তালিবানদের সঙ্গে শান্তি বৈঠকে বসার কথা মার্কিন বিদেশ সচিব মাইক পম্পিওর। কাতারে হবে এই বৈঠক সেখানে থাকার কথা আফগানিস্তান সরকারের প্র্তিনিধিরও। তালিবানরা যখন শান্তি আলোচনায় আগ্রহ দেখিয়েছে তখন এই বিস্ফোরণ নতুন করে প্রশ্ন তুলে দিল।
শনিবার দুপুর পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন। প্রসঙ্গত, গত কয়েক মাসে কাবুলে নাশকতামূলক হামলার ঘটনা অনেকটাই কমে গিয়েছে। গত ৬১ দিনে এই প্রথম হামলার ঘটনা ঘটল আফগান রাজধানীতে। যা ছিল রুটিন।
মার্কিন প্রশাসনের সঙ্গে তালিবানদের শান্তি আলোচনা শুরুর প্রাথমিক পর্যায় থেকেই তারা জানায় আপাতত হামলা চালাবে না। তবে এদিনের বিস্ফোরণ কারা ঘটালো তা নিয়েই উঠছে প্রশ্ন।