কাঁকসা থানার আইসি পার্থ ঘোষ
শেষ আপডেট: 22 November 2024 22:40
দ্য ওয়াল ব্যুরো: বারাবনি থানার সাব ইন্সপেক্টরের পর এবার ‘কম্পালসরি ওয়েটিং’- এ পাঠানো হল পশ্চিম বর্ধমানের কাঁকসা থানার আইসি পার্থ ঘোষকে। শুক্রবার ভবানী ভবনের তরফে এমন নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে, ভবানী ভবনে রিপোর্ট করতে হবে তাঁকে।
বৃহস্পতিবারই নবান্নে পুলিশের একাংশের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশমন্ত্রী জানান, টাকার বিনিময়ে কয়লা এবং বালি পাচারের মতো অবৈধ কারবারে সাহায্য করছে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের নিচুতলার একটি অংশ। মুখ্যমন্ত্রীর এমন অভিযোগের পরেই পুলিশ এবং প্রশাসনিক মহলে জোর তৎপরতা শুরু হয়।
পুলিশ সূত্রে খবর, বেশ কয়েক জন আধিকারিকের বিরুদ্ধে শুরু হয় বিভাগীয় তদন্ত। এরপর প্রথমেই বারাবনি থানার সাব ইন্সপেক্টর মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করা হয়।
এবার কর্তব্যে গাফিলতির অভিযোগে কোপ পড়ল কাঁকসা থানার আইসির উপর। এছাড়া মনোরঞ্জনকে গত ১৯ নভেম্বর অন্ডাল থানায় বদলির যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তাও বাতিল করা হয়।
বৃহস্পতিবারই নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, 'কয়লা চুরি করবে সিআইএসএফ এবং পুলিশের একাংশ, আর দোষ হবে তৃণমূলের? এ জিনিস আমি টলারেট করব না।' এখানেই না থেমে তিনি আরও বলেন, 'রাজনৈতিক নেতা ৫ টাকা খেলে বলা হয় ৫০০ টাকা খেয়েছে। নেতারা টাকা খাওয়ার আগে তবু দশ বার ভাবে। তাদের রাজনৈতিক দায়বদ্ধতা রয়েছে। নিচুতলার কিছু অফিসার এবং পুলিশের কিছু লোক, যারা সরকারকে ভালবাসে না, তারা এসব নিয়ে ভাবে না। তারা শুধু নিজেদের স্বার্থটা দেখে।'