
শেষ আপডেট: 12 September 2023 16:07
দ্য ওয়াল ব্যুরো: পরিবেশ রক্ষায় অভিনব উদ্যোগ কলকাতা পুরসভার (initiative of Kolkata Municipality to make the city green)। শহরকে সবুজ করতে এবার বাসিন্দাদের দুয়ারে দুয়ারে পৌঁছে যাবে গাছের চারা। এজন্য পুরসভার একটি নম্বরে ফোন করলেই হবে। পুর কর্তৃপক্ষই গাছের চারা নিয়ে পৌঁছে যাবেন সংশ্লিষ্ট বৃক্ষপ্রেমীর বাড়িতে!
তবে আপনি ফোন করলেন আর আপনারা পছন্দ মতো চারা নিয়ে পুরকর্মীরা পৌঁছে গেলেন, এমনটা হবে না। আপনার দেওয়া ঠিকানা অনুযায়ী পুরকর্মীরা বাড়িতে আসবেন, সেখানকার মাটিতে কী ধরণের গাছের চারা হতে পারে সেসম্পর্কে খতিয়ে দেখবেন। তারপরেই বিনামূল্যে মিলবে এই গাছের চারা।
কী কারণে এমন বাড়তি সতর্কতা? পুরসভার এক আধিকারিক বলেন, “আমরা মুখে বলি একটি গাছ, একটি প্রাণ। কিন্তু সত্যি কি আমরা প্রতিটি গাছ বা গাছের চারাকে রক্ষা করতে যথেষ্ট যত্নশীল? তাই দায়সারা ভাবে নয়, এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেলে যিনি গাছের চারাটি নেবেন তিনিও যত্নশীল হবেন এটা আশা করা যায়।”
সাম্প্রতিক অতীতে বেড়েছে প্রাকৃতিক বিপর্যয়। যার জেরে খোদ কলকাতার উপকন্ঠে নষ্ট হয়েছে হাজার হাজার প্রাচীন বৃক্ষ। তার ওপর কংক্রিটের আবাসনের জেরেও বহুক্ষেত্রে বৃক্ষছেদনের ঘটনা ঘটছে। সূত্রের খবর, একারণেই শহরের সবুজায়নের লক্ষ্যে সম্প্রতি বৈঠক করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। রেল, বিমান বন্দর কর্তৃপক্ষের সঙ্গেও বৈঠক হয় পুরসভার। উদ্দেশ্য একটাই, শহরকে সবুজ করে তোলা।
শুধু প্রশাসনিক মহলেই নয়, ইতিমধ্যে শহর কলকাতার একাধিক স্কুলের সঙ্গেও এবিষয়ে কথা হয়েছে পুরসভা কর্তৃপক্ষের। ইতিমধ্যে ৫০টিরও বেশি স্কুলকে গাছের চারা বিতরণ করেছে পুরসভা। আরও অন্তত ৩০টি স্কুল গাছের চারা চেয়ে আবেদন জানিয়েছে। তারপরই শহরবাসীকেও সবুজায়নের উদ্যোগে সামিল করতে দুয়ারে গাছের চারা প্রকল্প নিয়েছে পুর কর্তৃপক্ষ।
আরও পড়ুন: সিরিয়ালে অভিনয়ের টোপে কলকাতার হোটেলে তরুণীকে আটকে রাখার অভিযোগ, ১০০ ডায়ালে কিস্তিমাত