দ্য ওয়াল ব্যুরো : দেশের দ্বিতীয় বৃহত্তম সফটওয়ার সংস্থা ইনফোসিস গত ত্রৈমাসিকে অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে লাভ করেছে ৪৪৫৭ কোটি টাকা। শুক্রবার এই তথ্য জানিয়েছে ইনফোসিস। তার আগের ত্রৈমাসিকে তাদের লাভ হয়েছিল ৪০১৯ কোটি টাকা। পর্যবেক্ষকরা ভেবেছিলেন, ওই কোম্পানি অক্টোবর থেকে শুরু হওয়া ত্রৈমাসিকে লাভ করবে বড় জোর ৪২০৬ কোটি টাকা। সেদিক থেকে বলা যায়, ইনফোসিসের লাভ প্রত্যাশাকে ছাড়িয়ে গিয়েছে।
গত বছরের শেষ ত্রৈমাসিকে ইনফোসিসের মোট রাজস্বের পরিমাণ দুই শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৯২ কোটি টাকা। তার আগের ত্রৈমাসিকে রাজস্বের পরিমাণ ছিল ২২ হাজার ৬২৯ কোটি টাকা। ডলারের হিসাবে বলা যায়, ওই কোম্পানির রাজস্ব এক শতাংশ বা ৩২৪৩ কোটি ডলার বেড়েছে।
ইনফোসিসের সিইও সলিল পারেখ বলেন, তৃতীয় ত্রৈমাসিকের রিপোর্টে বোঝা যায়, আমরা দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছি। ক্লায়েন্টরা আমাদের ওপরে আস্থা রেখেছেন আগের মতোই। ইনফোসিস থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, বেনামে এক ব্যক্তি অভিযোগ করেছিলেন, সলিল পারেখ কোম্পানির মুনাফা বাড়ানোর জন্য অসাধু পন্থা অবলম্বন করেন। আমরা তদন্ত করে দেখেছি, এই অভিযোগ ঠিক নয়। বম্বে স্টক এক্সচঞ্জে এদিন ইনফোসিসের শেয়ারের দাম ১.৫ শতাংশ বেড়ে হয়েছে ৭৩৮ টাকা ২৫ পয়সা।