
শেষ আপডেট: 9 November 2022 10:16
দ্য ওয়াল ব্যুরো: খালের জলে ভাসছে সদ্যোজাত শিশুর মৃতদেহ (infant deadbody)। সাতসকালে খালের জলে শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে!
ঘটনাটি ঘটেছে দমদম পার্ক এলাকায়। বুধবার সাতসকালে বাগজোলা খালে (Bagjola canal) একটি সদ্যোজাত শিশুর মৃতদেহ ভাসতে দেখতে পান এলাকার বাসিন্দারা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় লেকটাউন থানায়। পুলিশ এসে শিশুটির দেহ খাল থেকে উদ্ধার করে। ইতিমধ্যেই সেটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কোথা থেকে কীভাবে শিশুটির দেহ খালের জলে ভেসে এল, তা খতিয়ে দেখছে পুলিশ। শিশুটির পরিচয় খুঁজে বের করার চেষ্টা চলছে। কীভাবে তার মৃত্যু হল, তাকে খুন করা হয়েছে কিনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
একই দিনে দমদম থানার অন্তর্গত নলতা কালীবাড়ি রোডে খালের পাশ থেকে এক তরুণীর পচাগলা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন দমদম থানা এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উচপদস্থ আধিকারিকরা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তরুণীকে পরিকল্পনামাফিক খুন করা হয়েছে। সম্ভবত, দিন তিনেক আগে ওই তরুণীর মৃতদেহ রাস্তার উপর বালির বস্তা দিয়ে চাপা দিয়ে ফেলে রেখে যায় কেউ। যাতে প্রাথমিকভাবে খুনের ঘটনা ধরা না পড়ে, এবং দুর্গন্ধ না বেরোয়, সেই কারণেই এমন কাজ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।