
শেষ আপডেট: 19 June 2023 15:24
দ্য ওয়াল ব্যুরো: ভারতের অসামরিক বিমান পরিবহণ ক্ষেত্রে এত বড় বরাত এর আগে হয়নি। ইন্ডিগো ৫০০টি বিমান কিনতে চলেছে এয়ারবাসের থেকে। সোমবার এ ব্যাপারে ভারতীয় এয়ারলাইন সংস্থাটি বিবৃতি দিয়ে জানিয়েছে।
ইন্ডিগোর বিবৃতিতে বলা হয়েছে, ধাপে ধাপে ৫০০টি বিমান সরবরাহ করবে এয়ারবাস। যা মূলত এ-৩২০ নিও মডেলের। শুধু তাই নয়, ইডিগো জানিয়েছে, আগামী এক দশকে এয়ারবাসের থেকে মোট এক হাজারটি বিমান কিনবে তারা।
পরবর্তী ধাপে যে বিমানগুলি কেনা হবে সেগুলি, এ-৩২০ নিও, এ-৩২১ নিও ও এ-৩২১ এক্সএলআর মডেলের। এই মুহূর্তে ভারতের সবচেয়ে বড় বিমান সংস্থা ইন্ডিগো। ছোট-বড় সমস্ত বিমানে যাঁদের দেশীয় ও আন্তর্জিক পরিষেবা নিবিড়। সমীক্ষা বলছে, অন্য এয়ারলাইন সংস্থাগুলির চেয়ে ইন্ডিগোতে যাত্রী স্বাচ্ছন্দ্যও তুলনামূলক ভাল।
কোভিড পরবর্তী সময়ে বিমানে যাত্রী সংখ্যা বহুগুণ বেড়ে গিয়েছে। এই মুহূর্তে ৩০০টি বিমান চালাচ্ছে। এয়ারলাইন সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, যে পরিমাণ বরাত দেওয়া হয়েছে তা বিমান পরিবহণের অর্থনীতিকেও পুষ্ট করবে। শুধু তাই নয়, বিমান পরিষেবা সংক্রান্ত কর্মসংস্থানও বৃদ্ধি পাবে।
'একচেটিয়া পুঁজিবাদে ভারত বিশ্বগুরু হয়ে উঠবে!' চড়া বিমানভাড়া নিয়ে কেন্দ্রকে খোঁচা চিদম্বরমের