দ্য ওয়াল ব্যুরো: সদ্যোজাত ও পাঁচ বছরের কম বয়সি শিশুদের মধ্যে মৃত্যুর হার কমেছে এই দেশে। তবে অপুষ্টিতে ভোগা শিশুদের সংখ্যা বেড়েছে অনেক বেশি। এ কথাই বলছে পঞ্চম ন্যাশনাল ফ্যামিলি হেল্থ সার্ভের রিপোর্ট।
শনিবার ওই রিপোর্ট সামনে আসার পরে জানা গেছে, গত বারের সমীক্ষার (২০১৫-১৬ সাল) তুলনায় এ বছরে দেখা গেছে, সদ্যোজাত শিশুদের মৃত্যুর সংখ্যা কমেছে ১৫টি রাজ্যে। ৫ বছরের নীচের শিশুদের মৃত্যুর হার কমেছে ১৮টি রাজ্যে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন এই রিপোর্ট প্রকাশ করার সময়ে জানিয়েছেন, দেশের মোট ৬ লক্ষেরও বেশি পরিবারের মধ্যে সমীক্ষা চালিয়ে এই তথ্য মিলেছে।
স্বাস্থ্য মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, "গত বারের তুলনায় এ বছর সামগ্রিক ভাবে মা ও শিশুর স্বাস্থ্যের অনেকটা উন্নতি হয়েছে। জন্মহার খানিকটা কমেছে। বেড়েছে গর্ভনিরোধকের ব্যবহার। শিশুদের নানা অসুখের টিকা দেওয়ার সংখ্যাও অনেকটা বেড়েছে।"
প্রথম দফার রিপোর্টে পশ্চিমবঙ্গ-সহ ১৭টি রাজ্য ও ৫টি কেন্দ্রশাসিত অঞ্চলের সমীক্ষা প্রকাশিত হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়াও গুজরাত, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, মহারাষ্ট্র, তেলঙ্গানা, কেরল, অসম, বিহার, হিমাচল প্রদেশের মতো রাজ্য রয়েছে।
দেখা গেছে, মৃত্যুর হার কমলেও এই সব রাজ্যগুলিতে রক্তাল্পতায় ভুগছে শিশুরা। এবং তা গত সমীক্ষার তুলনায় বেড়েছে। যেমন পশ্চিমবঙ্গেই পাঁচ বছরের কম বয়সের শিশুদের ৬৯ শতাংশ এখনও রক্তাল্পতা বা অ্যানিমিয়ার শিকার বলে জানিয়েছে ওই রিপোর্ট। প্রসূতিদের ১০০ জনের মধ্যেও ৬২ জনই রক্তাল্পতায় ভুগছেন।
তবে এ রাজ্যে সদ্যোজাত শিশু-মৃত্যুর হার ২৭.৫ থেকে কমে ২২ শতাংশ হয়েছে। পাঁচ বছরের কম বয়সি শিশুদের মৃত্যুহারও ৩১.৮ থেকে কমে ২৫.৪ শতাংশ হয়েছে। শুধু তাই নয়, এ চিত্র শহরের থেকে গ্রামের ক্ষেত্রে আরও ভাল।