
শেষ আপডেট: 21 March 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসকে প্যানডেমিক অর্থাৎ বিশ্বজোড়া মহামারী ঘোষণা করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। একইসঙ্গে ভারত সরকারও ঘোষণা করে দিয়েছে, এই মারণ ভাইরাসের সংক্রমণ যাতে সামাজিক স্তরে ছড়িয়ে না পড়ে সে জন্য সমস্ত দেশের নাগরিকদের ভিসা স্থগিত করা হবে। নতুন ভিসাও এখন দেওয়া হবে না কাউকে। তারপর আজ মধ্যরাতের পর থেকেই সমস্ত আন্তর্জাতিক উড়ান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
করোনা আতঙ্কে দিল্লিতে আন্তর্জাতিক বিমানের ওঠানামা নিষিদ্ধ হয়েছিল আগেই। রাজধানীতে অন্তর্দেশীয় বিমানের ওঠানামাও বন্ধ করেছে সরকার। এবার দেশজুড়েই লাগু হচ্ছে এই ব্যবস্থা। সূত্রের খবর, রবিবার রাত দেড়টার (ভারতীয় সময়) পর থেকে কোনও আন্তর্জাতিক বিমান দেশের মাটিতে নামতে পারবে না। আগামী ৩১ মার্চ মধ্যরাত পর্যন্ত এই ব্যবস্থা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। ব্রিটেন, তুরস্ক, আফগানিস্তান, মালয়েশিয়া, ফিলিপিন্স থেকে আসা সমস্ত উড়ান বন্ধ থাকবে আগামী এক সপ্তাহের জন্য। এর আগে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছিল, বিদেশি পর্যটক বা বিদেশ থেকে আসা ভারতীয় নাগরিকদের মাধ্যমে ভাইরাসের সংক্রমণ যাতে ছড়িয়ে পড়তে না পারে সে জন্য আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সমস্ত ভিসা বাতিল করা হবে। কূটনৈতিক কর্মকর্তা, জাতিসংঘ বা আন্তর্জাতিক সংস্থায় কর্মরত ব্যক্তিদের ভিসা বাদে ভারতের অন্য সব ধরনের ভিসা ১৫ই এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে। ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারীরা যে এতদিন ভিসা ছাড়াই এ দেশে প্রবেশাধিকার পেতেন, সে সুবিধাও আপাতত স্থগিত করেছে সরকার। আগে এই ভিসা বাতিল করা হয়েছিল শুধুমাত্র করোনা আক্রান্ত দেশগুলির ক্ষেত্রে। তবে অন্য কোনও দেশের ভিসা নিয়ে যাঁরা ভারতে আছেন, তাঁদের ভিসার ক্ষেত্রে কোনও সমস্যা নেই। তবে যাঁরা জরুরি প্রয়োজনে ভারতে আসতে চান, তাঁরা সংশ্লিষ্ট দেশের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে নুতন ভিসার আবেদন করতে পারবেন। চিনের পরেই করোনাভাইরাস মহামারী ইউরোপের দেশগুলিতে। কাজেই ইউরোপীয় দেশগুলি থেকে এখনই পর্যটকদের ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। আগামী এক সপ্তাহের জন্য বহির্বিশ্বের সঙ্গে সমস্ত যোগাযোগ ছিন্ন করবে ভারত, সংক্রমণ রোখার জন্যই এই সিদ্ধান্ত। তাছাড়া কেন্দ্রীয় সরকারের নির্দেশিকায় বলা হয়েছে, বাইরে থেকে ভারতে আসা ব্যক্তিদের অন্তত ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইন করা হতে পারে। এবং ১৫ই ফেব্রুয়ারির পর থেকে চিন, ইতালি, কোরিয়া, ফ্রান্স, স্পেন ও জার্মানি ভ্রমণ করা ভারতীয় নাগরিকদের অন্তত ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইন করা হবে। অনুরোধ করা হয়েছে, জরুরি প্রয়োজন না থাকলে যেন ভারতে আসা থেকে বিরত থাকেন সকলে। আজ, রবিবার দেশজুড়ে জনতা কার্ফুর মধ্যেই একের পর এক রাজ্যে লকডাউন ঘোষণা শুরু হল। আগেই কলকাতা লকডাউন ঘোষণা হয়েছে। একই পথে হেঁটেছে দিল্লি। গতকালই গুজরাটের কয়েকটি শহর ও রাজস্থানে লকডাউন ঘোষণা করা হয়েছিল। পুদুচেরিতে জারি হয়েছে ১৪৪ ধারা। গোটা দেশের যে ৭৫টি জেলায় করোনাভাইরাসে সংক্রামিত রোগী পাওয়া গিয়েছে সেখানে কেবলমাত্র জরুরি পরিষেবা চালু রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার।