
শেষ আপডেট: 23 April 2023 05:06
দ্য ওয়াল ব্যুরো: যুদ্ধবিধ্বস্ত সুদান (Sudan Conflict) থেকে আটকে থাকা ভারতীয়দের (Indians) উদ্ধার করে আনা হয়েছে সৌদি আরবে (Saudi Arabia)। সুদানে আটকে থাকা ১২টি দেশের ৬৬ জন নাগরিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। কীভাবে ভারতীয়দের এমন পরিস্থিতি থেকে উদ্ধার করা যায় সেই নিয়ে উচ্চস্তরের বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে ছিলেন দেশের বিদেশমন্ত্রী এস জয় শঙ্করও।
দিন কয়েক ধরেই সুদানের পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করে। ক্ষমতার দখলের লড়াই শুরু হয়েছে সেনাবাহিনী এবং আধাসেনাবাহিনীর মধ্যে। তাদের সশস্ত্র সংঘর্ষের মাঝে পড়ে ইতিমধ্যেই ৫৬ জনের মৃত্যু হয়েছে সুদানে। গুরুতর জখম হয়েছেন ৬০০ জনেরও বেশি মানুষ। এই গৃহযুদ্ধের মধ্যে আটকে পড়েছিলেন বেশ কয়েকজন ভারতীয়ও।
কীভাবে এমন অবস্থা থেকে ভারতীয়দের উদ্ধার করা যায় সেটাই খতিয়ে দেখা শুরু করে মোদী সরকার। বিদেশমন্ত্রী এস জয় শঙ্কর এই নিয়ে বিশেষ উদ্যোগ নেন। গত মঙ্গলবারই তিনি এব্যাপারে সৌদির বিদেশমন্ত্রী ফয়জল বিন ফারহানের সঙ্গে বৈঠক করেন। বৃহস্পতিবার রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গেও বৈঠক করে ভারতীয়দের উদ্ধার করার সমাধান সূত্র খোঁজার চেষ্টা করেন এস জয়শঙ্কর।
প্রসঙ্গত, ২০২১ সালে সেনা অভ্যুত্থানের ফলেই সুদানে শাসন ক্ষমতার হাত বদল হয়েছিল৷ সেই অভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন দেশের সেনাপ্রধান আবদেল ফতাহ আল বুরহান এবং তাঁর ডেপুটি মহম্মদ হামদান ডাগলো। এই ডাগলো ছিলেন সুদানের শক্তিশালী আধা সামরিক বাহিনী আরএসএফের অন্যতম শীর্ষ নেতা। আবদেল ফতাহ ও ডাগলো কার হাতে থাকবে ক্ষমতার রাশ সেই নিয়েই গৃহযুদ্ধ বেঁধে গেছে সুদানে।
শনিবার থেকেই শুরু হয় উদ্ধারকাজ। একটি জাহাজে করে ৬৬ জন বিদেশিকে সুদান থেকে নিয়ে আসা হয় সৌদির জেদ্দায়। আপাতত সেখানেই থাকবেন তাঁরা। এখন দেখার পরবর্তী সময়ে ভারত কী ব্যবস্থা নেয়।
অমৃতপালকে ডিব্রুগড় জেলে পাঠাচ্ছে পাঞ্জাব পুলিশ! স্ত্রী ধরা পড়তেই কি আত্মসমর্পণ?