
শেষ আপডেট: 6 July 2023 13:25
দ্য ওয়াল ব্যুরো: ভিনদেশে খুন ভারতীয় তরুণী। প্রাক্তন প্রেমিক হাত-পা বেঁধে জীবন্ত মাটিতে পুঁতে দিয়েছিল তাকে। খুনের ঘটনা বছর দুয়েক আগের হলেও সামনে এসেছে সম্প্রতি। আর তাতেই শিউরে উঠছেন মানুষজন।
মৃতা তরুণীর নাম জ্যাসমিন কৌর। ২১ বছর বয়সি তরুণী একজন নার্সিং পড়ুয়া ছিলেন। তিনি থাকতেন অস্ট্রেলিয়ার ফ্লিন্ডার্স রেঞ্জেস এলাকায়। প্রাক্তন প্রেমিক তারিকজ্যোৎ সিং খুন করেছিল তাঁকে, এমনটাই উঠে এসেছে তদন্তে। গত বুধবার আদালতে মামলার শুনানিতে বিষয়টি নিশ্চিত হয়েছে, যে তারিকজ্যোৎই খুন করেছিল জ্যাসমিনকে। আদালত আরও জানিয়েছে, প্রতিহিংসা বশতই প্রাক্তন প্রেমিকাকে খুন করেছিল এই যুবক (Indian woman killed)।
খুনের ঘটনাটি ঘটেছিল ২০২১ সালের মার্চ মাসে। তারিকজ্যোৎ এবং জ্যাসমিন দুজনে বেশ কিছুদিন ধরেই সম্পর্কে ছিলেন। তবে ঘটনার কিছুদিন আগে প্রেমে দাঁড়ি টানেন তরুণী। সেটাই মেনে নিতে পারেনি অভিযুক্ত। জ্যাসমিনের মা জানিয়েছেন, সম্পর্ক ভাঙার পরেও তাঁর মেয়েকে দিনের পর দিন উত্যক্ত করত ওই যুবক। মেয়ে বারবার নিষেধ করলেও একই কাজ করে যেত সে।
সূত্রের খবর, অ্যাডিলেডে প্রাক্তন প্রেমিকার কর্মক্ষেত্র থেকে তাঁকে অপহরণ করে অভিযুক্ত। ডিকিতে তাঁকে আটকে রেখে চার ঘণ্টা ধরে গাড়ি চালিয়ে ফ্লিন্ডার্স রেঞ্জেসে পৌঁছায় সে। তরুণীর হাত-পা এবং মুখ-চোখ তার দিয়ে শক্ত করে বেঁধে দিয়েছিল সে। তারপর জীবন্ত অবস্থাতেই তাঁকে একটি অগভীর কবর খুঁড়ে পুঁতে মাটি চাপা দিয়ে দেয়।
পরে হাত-মুখ-চোখ বাঁধা অবস্থায় কবর থেকে তরুণীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার তদন্ত নেমে অল্প সময়ের মধ্যেই তারিকজ্যোৎকে গ্রেফতার করা হয়। আইনজীবীদের দাবি, এই ঘটনা বিরল নৃশংসতার মধ্যে পড়ে।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই প্রাক্তন প্রেমিকাকে খুনের জন্য অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। সূত্রের খবর, এই ঘটনায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হবে।
শুভেন্দুকে দেখেই ‘চোর’, ‘চোর’ স্লোগান কুণাল-মদনের মঞ্চ থেকে, সাইজ করার হুঁশিয়ারি অধিকারীর