
শেষ আপডেট: 16 January 2024 09:00
দ্য ওয়াল ব্যুরো: ট্রেনে অহরহ পান-গুটখার পিক ফেলেন যাত্রীরা। যা পরিষ্কার করতে রেলের খরচ হয়েছে ১২০০ কোটি টাকা! সম্প্রতি এমনই হিসাব মিলেছে। তাই এবার স্টেশন চত্বরের পরিবেশ পরিষ্কার রাখতে কঠোর হচ্ছে ভারতীয় রেল।
স্টেশন চত্বর, প্ল্যাটফর্ম কিংবা রেল ট্র্যাকে থুতু কিংবা আবর্জনা ফেলে নোংরা করলে আর ২০০ টাকা জরিমানা নয়। এক ধাক্কায় জরিমানা বাড়ল ৩০০ টাকা। অর্থাৎ স্টেশন কিংবা প্ল্যাটফর্ম চত্বর নোংরা করলেই দিতে হবে ৫০০ টাকা। অভিযোগ, সচেতনতামূলক প্রচার সত্ত্বেও যাত্রীদের একাংশ লাগাতার স্টেশন, ট্রেনের কামরা নোংরা করে চলেছেন। তাই বাধ্য হয়ে জরিমানা বাড়ানো এই সিদ্ধান্ত হয়েছে বলে দাবি রেলের।
ট্রেন থেকে বা স্টেশনে আবর্জনা ফেললে, যাত্রীর বিরুদ্ধে কড়া শাস্তির বিধান আগে থেকেই ছিল। সম্প্রতিই ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের তরফে এই নিয়ে নির্দেশ জারি করা হয়েছে। আইআরসিটিসি-র তরফেও সমস্ত স্টেশন ইনচার্জকে নোটিস পাঠানো হয়েছে। ঠিক কী কী বলা হয়েছে সেই নির্দেশে?
রেলের নির্দেশ অনুযায়ী, স্টেশন ও ট্রেন পরিষ্কার রাখতে হবে। আবর্জনা নির্দিষ্ট ডাস্টবিনেই ফেলতে হবে। এবার থেকে স্টেশনে আবর্জনা ফেললে বা চলন্ত ট্রেন থেকে খাবারের প্যাকেট বা অন্য কিছু ফেললে কড়া শাস্তি হবে। এতদিন শুধু জরিমানা করেই ছেড়ে দেওয়া হত যাত্রীদের। এবার গ্রেফতারও করা হতে পারে।
যদিও রেল কর্তাদের এক অংশের মতে, অর্থের অভাবে বহু স্টেশনে বেসরকারি এজেন্সির সঙ্গে চুক্তি নবীকরণ হয়নি। তাই নিয়মিত সাফাই করা সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে যাত্রীদের জরিমানার হার আড়াই গুণ বাড়িয়ে ঘাটতি মেটানোর চেষ্টা হচ্ছে বলে দাবি তাঁদের।
পূর্ব রেল সূত্রের খবর, চলতি মাস থেকে হাওড়া, শিয়ালদহ, মালদহ এবং আসানসোল ডিভিশনের সমস্ত স্টেশনে বর্ধিত জরিমানা আদায়ের বিশেষ অভিযান শুরু হবে । ইতিমধ্যে যাত্রীদের শেষ সুযোগ দিতে সচেতনতামূলক প্রচার শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন স্টেশনে রেলের তরফে এই বিষয়ে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে।
জানা গিয়েছে, সমস্ত স্টেশনে সিসি ক্যামেরার সাহায্যে চলবে কড়া নজরদারি। ফলে আরপিএফ কিংবা রেল আধিকারিকদের অনুপস্থিতিতে ময়লা ফেললেও সংশ্লিষ্ট ব্যক্তিকে চিহ্নিত করতে অসুবিধা হবে না। ধরা পড়লে অভিযুক্তের ৫০০ টাকা অবধি জরিমানা এবং সর্বাধিক ৬ মাস অবধি জেল হতে পারে। রেল স্টেশন পরিষ্কার রাখার জন্য তৈরি করা হচ্ছে ‘ফ্লায়িং স্কোয়াড’ও। এই ‘ফ্লায়িং স্কোয়াড’ স্টেশনে স্টেশনে ঘুরে পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে কড়া নজর রাখবে।